বেতনের দাবিতে কর্মচারীদের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ না হওয়ায় এপ্রিল মাসের বেতন পাননি শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। বেতনের দাবিতে গতকাল সোমবার প্রশাসন ভবনের সামনে বিক্ষোভ করেন কর্মচারীরা।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী সূত্রে জানা গেছে, উপাচার্য রফিকুল হক পদত্যাগ করেছেন এক মাসেরও বেশি সময় আগে। এরপর নতুন উপাচার্য নিয়োগ না হওয়ায় এপ্রিল মাসের বেতন হয়নি কারও। বেতনের দাবিতে গতকাল বেলা ১১টার দিকে একাডেমিক ভবন, প্রশাসন ভবন, হল ও বিশ্ববিদ্যালয়ের অধীনে অন্যান্য প্রতিষ্ঠানের কর্মচারীরা প্রশাসন ভবনের সামনে চলে আসেন। এরপর তাঁরা বিক্ষোভ শুরু করেন।
তৃতীয় শ্রেণির কর্মচারী সমিতির সভাপতি আইনুল হক বলেন, বেতন না পাওয়ায় কর্মচারীরা সংসার চালাতে পারছেন না। আজ মঙ্গলবার কর্মচারীরা ধর্মঘট পালন করবেন।
শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের এপ্রিল মাসের বেতন পাওয়ার সব প্রক্রিয়া শেষ করতে ২০ তারিখে উপাচার্যের সই দরকার ছিল। কিন্তু উপাচার্য রফিকুল হকের বিরুদ্ধে নারী কেলেঙ্কারির অভিযোগ ওঠে। আওয়ামী লীগপন্থী শিক্ষকদের চাপে উপাচার্য রফিকুল হক ৭ এপ্রিল পদত্যাগ করেন।