বেতনের দাবিতে কার্যালয়ে তালা দিলেন কর্মচারীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর গোদাগাড়ী পৌরসভার কর্মচারীরা ১৪ মাস ধরে কোনো বেতনভাতা পাননি। বেতনের দাবিতে গত মঙ্গলবার তাঁরা পৌরসভার কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছেন। পুলিশের ওপর হামলা ও কর্তব্যে বাধা দেওয়ার অভিযোগে মামলা হওয়ার পর থেকে পৌরসভার মেয়র ও জামায়াতের নেতা আমিনুল ইসলাম পলাতক রয়েছেন।পৌরসভার কর্মচারীরা জানান, গোদাগাড়ী একটি প্রথম শ্রেণীর পৌরসভা। এ পৌরসভার বার্ষিক আয় দেড় কোটি টাকারও বেশি। বছরে কর্মচারীদের বেতন বাবদ খরচ হয় ৭২ লাখ টাকা। অথচ পৌরসভার ৪৩ জন কর্মচারী ১৪ মাস ধরে বেতন পাননি।তাঁদের অভিযোগ, রাজস্ব আয়ের টাকা মেয়র ও সচিব আত্মসাৎ করে কর্মচারীদের বঞ্চিত করছেন। কর্মচারীরা বলেন, মাসের পর মাস দোকান থেকে বাকি নিতে নিতে এখন আর দোকানিরাও তাঁদের বাকিতে মালামাল দিতে চান না। টাকার জন্য হাটবাজারে মানুষের কাছে অপমানিত হচ্ছেন তাঁরা। তাঁদের বেতন বন্ধ হলেও সচিবের বেতন বন্ধ হয়নি বলে জানান তাঁরা। পৌরসভার অর্থ আত্মসাতের অভিযোগ অস্বীকার করে পৌরসভার সচিব এম এস মনির বলেন, বিএনপিপন্থী কয়েকজন কাউন্সিলর পরোক্ষভাবে বেতনের ইস্যুকে সামনে এনে পৌর কার্যালয়ে তালা দেওয়ায় নেতৃত্ব দিয়েছেন। তিনি বলেন, তাঁর নিজের বেতনও আট মাস বন্ধ রয়েছে। বেতন বন্ধ হওয়ার কারণ সম্পর্কে তিনি বলেন, পৌরসভার রাজস্ব আয় আগের মতো আর নেই। আয়ের প্রধান উৎস মহিশালবাড়ি গরুর হাট একসময় কোটি টাকার ওপরে ডাক হয়েছে। এখন শুধু খাস আদায় করে সাত লাখ টাকা পাওয়া যায়। বছরে সব মিলে পৌরসভার আয় হয় ২৫-২৬ লাখ টাকা। আর কর্মচারীদের বেতন দিতে হয় প্রায় ৭২ লাখ টাকা। তাঁরা পত্রিকার বিজ্ঞাপন বিলও দিতে পারছেন না।এদিকে, ৩ মার্চ গোদাগাড়ীতে জামায়াত-শিবিরের সঙ্গে পুলিশের সংঘর্ষে জামায়াত-শিবিরের দুই কর্মী গুলিবিদ্ধ হয়ে মারা যান। ওই সংঘর্ষে নেতৃত্ব দেন পৌর মেয়র ও জামায়াতের নেতা আমিনুল ইসলাম। তাঁর বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। এর পর থেকে তিনি পলাতক রয়েছেন। যোগাযোগ করা হলে প্যানেল মেয়র ওবায়দুল্লাহ বলেন, কর্মচারীদের বেতনের বিষয়ে আলোচনা চলছে। তাঁরা সমাধানের চেষ্টা করছেন।