বেতনের দাবিতে থানায় জিডি করলেন পোশাকশ্রমিকেরা
গাজীপুরে টঙ্গীর চেরাগআলীতে পোশাক কারখানা জাওয়াদ ফ্যাশন লিমিটেডের শ্রমিকেরা বকেয়া বেতনের দাবিতে গতকাল সোমবার মালিকের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। অভিযোগের প্রসঙ্গে কারখানাটির নির্বাহী পরিচালক মানিক হাওলাদার জানান, ‘পুলিশে অভিযোগ করে বা সাংবাদিক ডেকে কিছুই করতে পারবে না।’ পুলিশ সূত্রে জানা গেছে, অভিযোগকারী শাকিল (২৫), শফিকুল (২৭) ও রোমানের (২৩) দুই মাসের বেতন (প্রত্যেকের ১৬ হাজার টাকা) বকেয়া রয়েছে বলে উল্লেখ করেছেন। তাঁরা অভিযোগে আরও উল্লেখ করেছেন, শ্রমিক আইন অনুযায়ী কারখানায় পাঁচ বছর চাকরির সার্ভিস চার্জ ও তিন মাস ১৩ দিনের আগাম বেতন মালিক পক্ষ দেয়নি। এদিকে শ্রমিক শাকিল অভিযোগ করেন, ১৩ এপ্রিল কারখানার মালিক পক্ষ কোনো নোটিশ না দিয়েই কাজ বন্ধ রাখে। ১৭ এপ্রিল শ্রমিকদের আন্দোলনে বাধ্য হয়ে আবার কাজ চালু করে এবং বকেয়া বেতন দেওয়ার আশ্বাস দেয়। কিন্তু মালিক পক্ষ প্রতিশ্রুতি অনুযায়ী কাজ না করে দুই শতাধিক শ্রমিক ছাঁটাই করেছে। জাওয়াদ ফ্যাশন লিমিটেডের নির্বাহী পরিচালক মানিক হাওলাদার আরও জানান, কারখানাটি ভাড়া বাড়িতে অবস্থিত। ভাড়ার চুক্তিপত্রের মেয়াদ শেষ হওয়ায় অন্যত্র স্থানান্তরের চেষ্টা চলছে।