বেতনের দাবিতে দুই কারখানার শ্রমিকদের মহাসড়ক অবরোধ

গাজীপুরের শ্রীপুর উপজেলায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বেতন-বোনাসের দাবিতে মহাসড়ক অবরোধ ও গাড়ি ভাঙচুর করেছেন কারখানা শ্রমিকেরা। আজ মঙ্গলবার বেলা ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত নতুনবাজার এলাকায় ও দুপুর সাড়ে ১২টা থেকে বেলা প্রায় দেড়টা পর্যন্ত মূলাইদ এলাকায় মহাসড়ক অবরোধ করে রাখেন তাঁরা। এ সময় দুই পাশে অন্তত পাঁচ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।
দুপুর সাড়ে ১২টায় উপজেলার মূলাইদ (রঙিলাবাজার) এলাকায় গিয়ে দেখা যায়, প্যারাডাইস গ্রুপের ‘প্যারাডাইস ইলেকট্রনিকস’ কারখানার পাঁচ শতাধিক শ্রমিক তুমুল বৃষ্টির মধ্যেই ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রেখেছেন। তাঁরা চার লেনের সড়কের দুই পাশে বাঁশ দিয়ে প্রতিবন্ধক সৃষ্টি করে রাস্তায় অবস্থান নেন। তাঁদের সঙ্গে কথা বলে জানা যায়, গত দুই-তিন মাসের ওভারটাইমের টাকা ও মে মাসের বেতন-বোনাসের টাকা জুনের ১০ তারিখে মধ্যে পরিশোধ করার কথা ছিল। কিন্তু কর্তৃপক্ষ বিভিন্ন টালবাহানায় তা পরিশোধ করেনি। সর্বশেষ গতকাল সোমবার বেতন দেওয়া হবে বলে জানানো হলেও তারা বেতন দেয়নি।
প্যারাডাইস কারখানার অপারেটর রেজাউল করিম বলেন, ‘আমরা দুই মাসের ওভারটাইম পাইনি। মে মাসের বেতনও দেওয়া হয়নি। ঈদের আগে আমাদের টাকা দরকার, অথচ তারা আমাদের প্রয়োজনটা বুঝতে চাইছে না। তাই শেষ পর্যন্ত আমরা রাস্তায় নেমেছি। টাকা না দিলে অবরোধ চলবেই।’
কারখানার সহকারী অপারেটর ফয়সাল আহমেদ বলেন, ‘আমরা পরিবারের জন্য কিছুই কিনতে পারিনি টাকার জন্য। বেতন দেওয়ার কথা বলে আমাদের সঙ্গে কর্তৃপক্ষ প্রতারণা করছেন।’

একই কারখানার লেদ অপারেটর তানজীম আকন্দ বলেন, ‘তারা (কারখানা কর্তৃপক্ষ) ব্যাংকের দোহাই দিয়ে আমাদের বেতন দিতে দেরি করছে। অথচ ঈদে আমরা বাড়ি যাব। পরিবার-পরিজন আমাদের দিকে চেয়ে আছে।’
কারখানার অপারেটর সোনিয়া আক্তার জানান, তিনি চার মাস ধরে ওভারটাইমের টাকা পাচ্ছেন না। তা ছাড়া সর্বশেষ মে মাসের বেতন-বোনাসও তাঁদের দেওয়া হয়নি। ঝরনা নামের সহকারী অপারেটর জানান, তিনি প্রায় এক বছর ধরে ওভারটাইমের টাকা পাচ্ছেন না। কর্তৃপক্ষ বিভিন্ন টালবাহানায় টাকা এখনো দিচ্ছে না। মে মাসের বেতনসহ পুরো বকেয়া পরিশোধের দাবিতে তাঁরা সড়ক অবরোধ করেছেন।
এ বিষয়ে জানতে চাইলে প্যারাডাইস গ্রুপের প্যারাডাইস ইলেকট্রনিকস ইউনিটের জেনারেল ম্যানেজার মশিয়ার রহমান বলেন, ‘আমরা বেতন ব্যাংকে জমা দিয়েছি। ডাচ্-বাংলা ব্যাংকে আমাদের শ্রমিকদের বেতন হয়। ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। গতকালই বেতন দেওয়ার কথা বলেছে তারা। কিন্তু ব্যাংকের জটিলতায় দেরি হচ্ছে। আশা করছি, আজকে তাঁরা বেতন পেয়ে যাবেন।’
এর আগে বেলা ১১টায় উপজেলার বেড়াইদেরচালা এলাকার ওয়েস্টারিয়া টেক্সটাইল কারখানার ২৮৩ জন কর্মচারী তাঁদের বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করে রাখেন। এ সময় মহাসড়কে অন্তত ১০টি বাস ভাঙচুর করেন তাঁরা। পরে শিল্প পুলিশ ও শ্রীপুর পুলিশ লাঠিপেটা করে তাঁদের রাস্তা থেকে সরিয়ে দেয়। এ তথ্য নিশ্চিত করেছেন শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) জামিল উদ্দিন রাশেদ।

জামিল উদ্দিন রাশেদ জানান, বেলা সাড়ে ১১টা নাগাদ রাস্তায় কোনো শ্রমিক না থাকায় যান চলাচল স্বাভাবিক হয়। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকেরা বিচ্ছিন্নভাবে কারখানার আশপাশে শান্তভাবে অবস্থান করেন। শ্রমিকদের এমন আন্দোলনের মুখে কারখানার কোনো কর্মকর্তাকে বেলা ১১টা নাগাদ শ্রমিকদের সঙ্গে কথা বলতে দেখা যায়নি বলে জানিয়েছেন তিনি।
শিল্প পুলিশ গিভেন্সি গ্রুপ ক্যাম্পের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইস্কান্দর হাবিব বেলা দুইটায় প্রথম আলোকে বলেন, নতুনবাজার এলাকায় সড়ক থেকে শ্রমিকদের সরিয়ে দেওয়া হয়েছে। কারখানা কর্তৃপক্ষের সঙ্গে শ্রমিকদের প্রতিনিধিরা বৈঠকে বসছেন। মূলাইদ এলাকায় বেলা দেড়টায় সড়ক থেকে অবরোধ তুলে নিয়েছেন শ্রমিকেরা। এখানেও কারখানা কর্তৃপক্ষের সঙ্গে শ্রমিকদের প্রতিনিধিরা বেতন বিষয়ে আলোচনা করবেন।
মাওনা হাইওয়ে থানার ওসি দেলোয়ার হোসেন বলেন, বিক্ষুব্ধ শ্রমিকেরা উপজেলার নতুনবাজার এলাকা ও মূলাইদ এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রেখেছিল। তবে বেলা দুইটা পর্যন্ত দুই স্থানেই পরিস্থিতি শান্ত আছে। যান চলাচল স্বাভাবিক আছে। কারখানা কর্তৃপক্ষের সঙ্গে শ্রমিকদের কথা হচ্ছে।