বেতনের দাবিতে পোশাক কারখানায় বিক্ষোভ-ভাঙচুর
বকেয়া বেতন পরিশোধের দাবিতে চট্টগ্রামে একটি পোশাক কারখানার শ্রমিকেরা বিক্ষোভ করেছেন। গতকাল সোমবার দুপুরে পাহাড়তলী থানা এলাকার অলংকার মোড়ের পাশে ভিউমন্ড প্রাইভেট লিমিটেড নামের কারখানায় এ ঘটনা ঘটে।
এ সময় শ্রমিকেরা কারখানা লক্ষ্য করে ইট ছুড়ে মারলে কারখানার জানালার কাচ ক্ষতিগ্রস্ত হয়।
বিক্ষুব্ধ একজন নারী শ্রমিক প্রথম আলোকে জানান, গত মার্চ মাস থেকে কারখানা কর্তৃপক্ষ বেতন-ভাতা দেয়নি। বিষয়টি নিয়ে কারখানার এক হাজার ২০০ শ্রমিকের মধ্যে অসন্তোষ দেখা দেয়। এ পরিস্থিতিতে গত বৃহস্পতিবার বেতন দেওয়ার কথা ঘোষণা করে কর্তৃপক্ষ। কিন্তু বেতন পরিশোধ না করে কারখানা ছুটি ঘোষণা করে শনিবার বেতন দেওয়ার কথা বলা হয়। এরপর শনি ও রোববারও বেতন শোধ না করে দুপুরে কারখানা ছুটি ঘোষণা করা হয়। এ পরিস্থিতিতে গতকাল বেলা ১১টায় পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী কারখানার ব্যবস্থাপনা পরিচালক শামীম আহমেদ আলোচনার জন্য হাজির না হলে বিক্ষোভ শুরু করেন শ্রমিকেরা।
পুলিশ জানায়, বিক্ষুব্ধ শ্রমিকেরা সড়কে এসে অবরোধের চেষ্টা করলে শিল্প পুলিশের সদস্যরা তাঁদের সরিয়ে দেয়। এরপর তাঁরা কারখানার সামনে খোলা চত্বরে বিক্ষোভ শুরু করেন। দুপুরে কারখানার ব্যবস্থাপনা পরিচালক, বিজিএমইএ প্রতিনিধি, শ্রমিক প্রতিনিধি, শিল্প পুলিশ ও পাহাড়তলী থানা পুলিশ আলোচনায় বসে। একপর্যায়ে কারখানার ব্যবস্থাপনা পরিচালক আগামী বৃহস্পতিবার বেতন-ভাতা পরিশোধ করার অঙ্গীকার করেন। কিন্তু বিক্ষুব্ধ শ্রমিকেরা কারখানা চত্বর থেকে কারখানা লক্ষ্য করে ইটের টুকরো ছুড়তে থাকে।
শিল্প পুলিশের পরিদর্শক (গোয়েন্দা) মো. আরিফুর রহমান প্রথম আলোকে বলেন, ‘বৈঠকে মালিকপক্ষ আগামী বৃহস্পতিবার বেতন-ভাতা দেওয়ার অঙ্গীকার করেছে। আমরা শ্রমিকদের বুঝিয়েছি। শ্রমিকদের একটি অংশের ছোড়া ইট-পাটকেলে কারখানার জানালার কাচ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে বড় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।’