বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

বকেয়া বেতনের দাবিতে চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানাধীন লাকি প্লাজা এলাকায় আম্বিয়া গার্মেন্টস নামে একটি পোশাক কারখানার শ্রমিকেরা গতকাল সোমবার সড়ক অবরোধ করেন। এতে আগ্রাবাদ থেকে বড় পোলমুখী আগ্রাবাদ এক্সেস সড়কে যান চলাচলে বিঘ্ন ঘটে।
পুলিশ সূত্র জানায়, আম্বিয়া গার্মেন্টসের অন্তত ৫০০ শ্রমিক বেলা ১১টার দিকে কারখানার সামনের সড়কে অবরোধ সৃষ্টি করেন। ওই কারখানার মে মাসের বেতন জুনের প্রথম সপ্তাহে দেওয়ার কথা থাকলেও গতকাল পর্যন্ত দেওয়া হয়নি। এ নিয়ে প্রথমে কারখানার ভেতরে হইচই শুরু করেন শ্রমিকেরা। পরে তাঁরা রাস্তায় নেমে আসেন। পুলিশ মালিকপক্ষের সঙ্গে কথা বলে শ্রমিকদের সড়ক থেকে তুলে দেয়।
ডবলমুরিং থানার এসআই মো. শামীম মিয়া বলেন, শ্রমিকেরা প্রায় ৩০ থেকে ৪০ মিনিট সড়ক অবরোধ করে রাখেন। তাঁরা লাকি প্লাজার সামনের সড়ক অবরোধ করলেও বিকল্প পথে ওই সড়কে যানবাহন চলাচল করেছে। তিনি বলেন, ১৬ জুন বকেয়া বেতন পরিশোধের আশ্বাস দিয়েছে মালিকপক্ষ। চলতি মাসের বেতনও ঈদের আগে পরিশোধ করা হবে বলে মালিকপক্ষ জানিয়েছে।