বেতনের দাবিতে পোশাকশ্রমিকদের মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ নগরের গাবতলী টাগারপাড় এলাকায় একটি পোশাক কারখানার শ্রমিকেরা বকেয়া বেতন ও অতিরিক্ত কাজের (ওভারটাইম) বিল পরিশোধের দাবিতে গতকাল সোমবার মানববন্ধন করেছেন।
ওই কারখানার নাম কটন পাওয়ার এসকোটেক্স নিট লিমিটেড। কারখানাটির কর্মী উর্মীর সভাপতিত্বে বেলা ১১টার দিকে ওই মানববন্ধন হয়। এ সময় সেখানে বক্তব্য দেন গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের জেলা শাখার সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, গাবতলী পুলিশ লাইন শাখার সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক হাসনাত কবীর এবং কারখানাটির শ্রমিক রিপন ও আছিয়া।
জাহাঙ্গীর আলম বলেন, ওই কারখানার মালিক তিন মাস ধরে শ্রমিকদের বেতন ও ওভারটাইম দিচ্ছেন না। এ কারণে শ্রমিকেরা বাসাভাড়া ও দোকানের বকেয়া অর্থ পরিশোধ করতে পারছেন না। বাড়িওয়ালা, দোকানদারেরা অভব্য আচরণ করছেন। বাড়ি থেকে বের করে দেওয়ার হুমকি দিয়েছেন। শ্রমিকেরা অনাহারে-অর্ধাহারে দিন কাটাচ্ছেন।