বেতনের দাবিতে পোশাকশ্রমিকদের বিক্ষোভ
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় বকেয়া বেতনের দাবিতে গতকাল রোববার সকালে একটি পোশাক কারখানার শ্রমিকেরা মিছিল করেছেন। এ সময় উত্তেজিত শ্রমিকেরা কারখানা ভাঙচুরের চেষ্টা করেন। কারখানার শ্রমিক ও পুলিশ জানায়, ওই এলাকার এসএসআর নিট কম্পোজিট লিমিটেড কারখানার মালিকপক্ষ মার্চ মাসের বেতন ১০ এপ্রিলের মধ্যে পরিশোধ করার কথা থাকলেও করেনি। পরে শ্রমিকদের দাবির কারণে ১৮ এপ্রিল মালিকপক্ষ শ্রমিকদের অর্ধেক বেতন পরিশোধ করে। বাকি টাকা রোববার পরিশোধ করার কথা জানায়। কিন্তু গতকাল সকালে শ্রমিকেরা কাজে যোগদান করতে এসে কারখানার দরজা বন্ধ দেখতে পান। এ সময় শ্রমিকেরা কারখানা বন্ধ দেখে উত্তেজিত হয়ে ওঠেন। পরে শ্রমিকেরা বকেয়া বেতনের দাবি ও কারখানা বন্ধের প্রতিবাদে মিছিল করেন।খবর পেয়ে গাজীপুর শিল্প পুলিশ ঘটনাস্থলে এসে শ্রমিকদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। পরে মালিকপক্ষ বকেয়া বেতন ৩০ এপ্রিল ও চলতি মাসের বেতন ১৫ মে দেওয়ার ঘোষণা দিলে শ্রমিকেরা শান্ত হয়ে বাড়ি ফিরে যান। গাজীপুর শিল্প পুলিশের উপপরিদর্শক (এসআই) ইকবাল আহমেঞ্চদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।