বেতনের দাবিতে প্রশাসন ভবন ও কোষাধ্যক্ষের কার্যালয়ে তালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ না হওয়ায় এপ্রিল মাসের বেতন পাননি শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। বেতনের দাবিতে আজ বুধবার সকালে প্রশাসন ভবন ও কোষাধ্যক্ষের কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন কর্মচারীরা।

উপাচার্যের সই ছাড়া নিয়োগপ্রাপ্ত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা কোনো ধরনের বেতন বা বিল তুলতে পারেন না। নারী কেলেঙ্কারির অভিযোগে আওয়ামীপন্থী শিক্ষকদের চাপে উপাচার্য রফিকুল হক গত ৭ এপ্রিল পদত্যাগ করেন। এখন পর্যন্ত নতুন উপাচার্য নিয়োগ দেওয়া হয়নি।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ১০টার দিকে একাডেমিক ভবন, অনুষদীয় ভবন, প্রশাসন ভবন, হল ও বিশ্ববিদ্যালয়ের অধীনস্ত অন্যান্য প্রতিষ্ঠানের তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীরা কাজ ফেলে প্রশাসন ভবনের সামনে সমবেত হতে থাকেন। এর পর তাঁরা বিক্ষোভ করেন। বেলা ১১টার দিকে প্রশাসন ভবন ও কোষাধ্যক্ষের কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন তাঁরা। এ সময় প্রশাসন ভবনে দুজন কর্মকর্তা আটকা পড়েন। অন্যরা আগেই আঁচ করতে পেরে ভবন থেকে বেরিয়ে যান। এতে প্রশাসন ভবনের বিভিন্ন একাডেমিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। কর্মচারীরা প্রশাসন ভবনের সামনে এখনো সমাবেশ করছেন।

এর আগে গত সোমবার ও মঙ্গলবার একই দাবিতে তাঁরা কাজ ফেলে রেখে বিক্ষোভ কর্মসূচি পালন করেন।