বেতনের দাবিতে প্রশাসন ভবনে কর্মচারীদের তালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে বকেয়া বেতনের দাবিতে গতকাল বুধবার প্রশাসন ভবন ও কোষাধ্যক্ষের কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীরা।
গত ৭ এপ্রিল উপাচার্য রফিকুল হক পদত্যাগ করেন। কিন্তু উপাচার্যের সই ছাড়া নিয়োগপ্রাপ্ত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা বেতন বা কোনো ধরনের বিল তুলতে পারেন না। এক মাসের বেশি সময় পেরিয়ে গেলেও নতুন কাউকে নিয়োগ দেওয়া হয়নি। ফলে বেতন তুলতে পারছেন না কর্মচারীরা।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারী সূত্রে জানা গেছে, বেতনের দাবিতে গত সোমবার থেকে বিক্ষোভ করছেন বিশ্ববিদ্যালয়ের কর্মচারীরা। একাডেমিক ভবন, অনুষদ ভবন, প্রশাসন ভবন, হল ও বিশ্ববিদ্যালয়ের অধীনে অন্য প্রতিষ্ঠান থেকে গতকাল সকালে তাঁরা প্রশাসন ভবনের সামনে সমবেত হতে থাকেন। প্রথমে তাঁরা বেতনের জন্য বিক্ষোভ করেন। পরে বেলা ১১টার দিকে প্রশাসন ভবন ও কোষাধ্যক্ষের কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন। এ সময় প্রশাসন ভবনে দুজন কর্মকর্তা আটকা পড়েন। বাকিরা আগেই ভবন থেকে বেরিয়ে আসেন।
এর আগে সোমবার ও মঙ্গলবার তাঁরা একই দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেন। মঙ্গলবারের বিক্ষোভ থেকে কর্মচারীরা ঘোষণা দেন, বেতন না হলে বুধবার থেকে তাঁরা আর কাজ করবেন না।