বেতনের দাবিতে বিক্ষোভ, মহাসড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বকেয়া বেতন-ভাতার দাবিতে ও নানা অনিয়মের প্রতিবাদে গতকাল রোববার দুপুরে টঙ্গীর বাস্তুহারা এলাকায় একটি পোশাক কারখানার শ্রমিকেরা বিক্ষোভ ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করলে আধা ঘণ্টা পর যানবাহন চলাচল শুরু হয়।
থানা-পুলিশ ও শ্রমিক সূত্র জানায়, বকেয়া বেতন-ভাতার দাবিতে এবং কারখানা কর্তৃপক্ষের নানা অনিয়মের প্রতিবাদে বেলা দেড়টার দিকে বাস্তুহারা এলাকার মার্ক স্টিচ নামের পোশাক কারখানার শ্রমিকেরা বিক্ষোভ শুরু করেন। বেলা সোয়া দুইটার দিকে তাঁরা পার্শ্ববর্তী ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নেন। এতে ওই মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
টঙ্গী থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দিলে বেলা পৌনে তিনটার দিকে যানবাহন চলাচল শুরু হয়। পরে শ্রমিকদের দাবি নিয়ে কারখানার কর্তৃপক্ষ আলোচনায় বসে।