বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ, দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের পটিয়া উপজেলার কলেজ বাজার এলাকায় বকেয়া বেতনের দাবিতে গতকাল মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক প্রায় এক ঘণ্টা অবরোধ করে রাখেন পোশাকশ্রমিকেরা। অবরোধের কারণে মহাসড়কের দুই দিকে শত শত যানবাহন আটকা পড়ে। এতে দীর্ঘ যানজটে দুর্ভোগে পড়েন যাত্রীরা।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেফায়েত উল্লাহ চৌধুরী বলেন, নিউকন গার্মেন্টস লিমিটেডের শ্রমিকদের মহাসড়ক অবরোধ করার খবর পেয়ে চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) হাবিবুর রহমানের নেতৃত্বে পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে যান। শ্রমিকদের বুঝিয়ে তাঁদের মহাসড়ক থেকে সরিয়ে নেওয়া হয়।
শ্রমিকেরা বলেন, গত মার্চ মাস থেকে তাঁরা বেতন পাচ্ছেন না। বাধ্য হয়ে তাঁরা আন্দোলনে নেমেছেন। কারখানাটিতে পাঁচ শতাধিক শ্রমিক কাজ করেন।
এদিকে গতকাল সন্ধ্যায় পটিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) শামীম হোসেনের কার্যালয়ে পুলিশ, কারখানার মালিক ও শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে বৈঠক হয়।
এএসপি শামীম হোসেন বলেন, বৈঠকে কারখানা কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছে চলতি মাসের মধ্যে শ্রমিকদের সব বকেয়া পরিশোধ করবে।
বৈঠকে চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) হাবিবুর রহমান, চট্টগ্রাম শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার লুৎফর রহমান, পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেফায়েত উল্লাহ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।