বেতনের বদলে চিনি!
পঞ্চগড় চিনিকলের শ্রমিক-কর্মচারীদের বেতন-ভাতার বদলে চিনি নিতে বাধ্য করা হচ্ছে বলে জানা গেছে। তাঁদের গত মে ও জুন মাসের পাওনা এভাবেই মেটানো হয়। এদিকে জুলাই মাসের বেতন এখনো অনিশ্চিত। চিনি ব্যবসায়ীরা চিনি কেনায় আগ্রহ দেখাচ্ছেন না।
পঞ্চগড় চিনিকলের শ্রমিক-কর্মচারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত ঈদে মে ও জুন মাসের নগদ বেতন না দিয়ে চিনিকল কর্তৃপক্ষ তাঁদের বেতনের বিপরীতে চিনি দেয়। বাজারে তাঁদেরকে ১০ শতাংশ কমে চিনি বিক্রি করতে হয়েছে। জুলাই মাসের বেতন এখনো পাননি তাঁরা। চিনি ব্যবসায়ীরা ১৫ শতাংশ কমে চিনি কিনতে চান। এই দামে চিনি বিক্রি করলে বেতনের প্রায় অর্ধেক চলে যাবে ব্যবসায়ীদের পকেটে।
এই চিনিকলের বিদ্যুৎ সহকারী মিজানুর রহমান বলেন, ‘বেতনের বদলে ৩৭ টাকা দরে চিনি নিতে বাধ্য হয়েছি। বাজারে ১০ শতাংশ কমে চিনি বিক্রি করতে হয়েছে।’
মিলের কাঠমিস্ত্রি আবদুল হামিদ জানান, ৩৭ টাকা দরে তিনি তাঁর মূল বেতনের নয় হাজার টাকার চিনি নিয়েছেন। ১০ শতাংশ কমে চিনি বিক্রি করে জুন মাসে ৭ হাজার ১০০ টাকা পেয়েছেন।
পঞ্চগড় চিনিকল শ্রমিক ইউনিয়নের সভাপতি আনোয়ারুল হক বলেন, চিনিকলের শ্রমিক-কর্মচারীরা খুব খারাপ দিন পার করছেন। তাঁরা এখন বেতনও পাচ্ছেন না। বেতনের বদলে পাচ্ছেন চিনি।
চিনিকল সূত্র জানা গেছে, বেতন-ভাতা পরিশোধে সরকারি উদ্যোগ নেই। পঞ্চগড় চিনিকলে প্রায় ৯০০ শ্রমিক-কর্মচারী রয়েছেন। যাঁদের বেতন-ভাতা পরিশোধে প্রতি মাসে ৮০ লাখ টাকা প্রয়োজন। এই চিনিকলে প্রায় ৩৪ কোটি টাকার আট হাজার মেট্রিক টন চিনি অবিক্রীত রয়েছে। বেসরকারি চিনিকলগুলো অনেক কম দামে বাজারে চিনি ছাড়ে। সরকারি চিনিকলগুলো দাম কমালে তারা দাম আরও কমিয়ে দেয়। ফলে সরকারি মিলের চিনি বিক্রি হচ্ছে না।
পঞ্চগড় চিনিকলের মহাব্যবস্থাপক (অর্থ) সাইফুল ইসলাম বলেন, ‘বেসরকারি চিনিকলগুলো বাকিতেও চিনি দেয়। দোকানে দোকানে চিনি পৌঁছে দেয়। ফলে আমাদের চিনি বিক্রি হচ্ছে না। তা ছাড়া বেসরকারি চিনিকলগুলোতে সরকার কোনো ভ্যাট বা কর আরোপ করেনি। ফলে তারা অনেক কম দামে বাজারে দিতে পারে। এ জন্য সরকারি মিলের চিনি বিক্রি হচ্ছে না। ফলে এসব মিলের শ্রমিক-কর্মচারীর বেতন-ভাতা দেওয়া সম্ভব হচ্ছে না।’