বেতনের বর্ধিত অংশের দাবিতে কর্মবিরতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় ন্যাশনাল টি কোম্পানির (এনটিসি) পাঁচটি চা-বাগানের ছয় হাজার শ্রমিক গতকাল বুধবার কর্মবিরতি পালন করেছেন। চার মাসের বেতনের বর্ধিত অংশের বকেয়া টাকার দাবিতে তাঁরা এ কর্মসূচি পালন করেন।
শ্রমিকদের সূত্রে জানা গেছে, গত বছর চা-শ্রমিকদের দৈনিক মজুরি ৬৯ টাকা থেকে বাড়িয়ে ৮৫ টাকা করেন চা-বাগানের মালিকদের সংগঠন চা-সংসদ। ২০১৫ সালের জানুয়ারি থেকে তা কার্যকর হয়। সে অনুযায়ী সরকারি মালিকানাধীন এনটিসির মাধবপুর, মদনমোহনপুর, পাত্রকলা, কুরমা ও চাম্পারায় চা-বাগানে সেপ্টেম্বর পর্যন্ত বর্ধিত বেতন দেওয়া হয়। এরপর আর বর্ধিত বেতন দেওয়া হয়নি। ফলে এই পাঁচটি চা-বাগানের প্রত্যেক শ্রমিকের অক্টোবর থেকে ২০১৬ সালের জানুয়ারি পর্যন্ত চার মাসে দৈনিক ১৬ টাকা করে প্রায় তিন হাজার টাকা বকেয়া পড়ে। বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের মনু ধলই ভ্যালির (অঞ্চলের) সাধারণ সম্পাদক নির্মল দাশ পাইনকা বলেন, আগে চা-শ্রমিকদের দৈনিক মজুরি ছিল ৬৯ টাকা। গত বছর চা-শ্রমিক ইউনিয়ন ও চা-বাগানের মালিকদের সংগঠন চা-সংসদের সঙ্গে বৈঠক শেষে দৈনিক মজুরি করা হয় ৮৫ টাকা। অন্যান্য চা-বাগানের শ্রমিকদের বর্ধিত বেতন দেওয়া হলেও এনটিসির এই পাঁচটি চা-বাগানে চার মাসের বর্ধিত বেতন আটকে রাখা হয়েছে। তাই শ্রমিকেরা আন্দোলন করছেন।
এনটিসির ডিজিএম মোহাম্মদ শাহজাহান বলেন, ঈদের আগের শেষ পর্যায়ে ব্যাংকিং লেনদেন থাকায় এককালীন প্রায় ১ কোটি ৯০ লাখ টাকা ব্যাংক থেকে নেওয়া যায়নি। তাই চার মাসের বেতনের বর্ধিত বকেয়া প্রদান করা যায়নি।