বেতনের সমান বোনাস পাবেন হোটেলশ্রমিকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসন্ন ঈদুল ফিতর ও ঈদুল আজহায় হোটেলশ্রমিকদের মাসিক মোট বেতনের সমপরিমাণ উৎসব বোনাস দেওয়ার বিষয়ে চুক্তি হয়েছে। গত বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে উপশ্রম পরিচালকের কার্যালয়ে প্রশাসন, মৌলভীবাজার হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট মালিক সমিতি ও মৌলভীবাজার জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের মধ্যে বৈঠকে এ চুক্তি হয়েছে।
অন্যান্য সিদ্ধান্তের মধ্যে আছে হোটেল খাতে সরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রম আইন বাস্তবায়ন এবং শ্রম আইন লঙ্ঘন করে বিনা বেতনে হোটেলশ্রমিকদের ছাঁটাই না করা।
বৈঠক উপস্থিত সূত্রে জানা গেছে, শ্রীমঙ্গলে চা-শিল্প শ্রমকল্যাণ বিভাগের উপশ্রম পরিচালকের কার্যালয়ে বৈঠকটি হয়। বৈঠকে চুক্তিতে স্বাক্ষর করেন উপশ্রম পরিচালক মো. গিয়াস উদ্দিন, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের শ্রম পরিদর্শক মো. জাহাঙ্গীর হোসাইন, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক রজত বিশ্বাস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট মালিক সমিতির পক্ষে মো. আবু তাহের এবং হোটেল শ্রমিক ইউনিয়নের পক্ষে সভাপতি মো. মোস্তফা কামাল। আরও উপস্থিত ছিলেন হোটেল শ্রমিকনেতা রাজু আহসান ও শফিক মিয়া।
রজত বিশ্বাস গতকাল শুক্রবার প্রথম আলোকে বলেন, গত ১৪ জুন হোটেল শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে মৌলভীবাজার জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়ে বিনা বেতনে শ্রমিক ছাঁটাই বন্ধ, ঈদ বোনাস প্রদান, সরকার ঘোষিত নিম্নতম মজুরির গেজেট ও শ্রম আইন কার্যকর করার দাবি জানানো হয়। এ পরিপ্রেক্ষিতে ত্রিপক্ষীয় এ বৈঠক অনুষ্ঠিত হয়।
উপশ্রম পরিচালক মো. গিয়াস উদ্দিন বলেন, ‘ওরা (হোটেলশ্রমিক) একটা আবেদন করেছিল, মালিকেরা যাতে বিনা বেতনে ছাঁটাই না করে, ঈদে বোনাস দেয়। তাদের দাবির পরিপ্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’