বেতনের সমান বোনাস চান দোকান কর্মচারীরা

দোকান কর্মচারীদের এক মাসের বেতনের সমপরিমাণ ঈদ বোনাস ও ২০ রোজার মধ্যে ওই বোনাস দেওয়ার দাবি জানিয়েছে জাতীয় দোকান কর্মচারী ফেডারেশন।
আজ সোমবার রাজধানীর তোপখানা রোডের আসাদ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে দোকান কর্মচারী ফেডারেশন এই দাবিসহ ১০ দফা দাবি জানায়। দাবি বাস্তবায়নের জন্য সংগঠনটি আগামী ১০ জুন জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচির ঘোষণা দিয়েছে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জাতীয় দোকান কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক আমিরুল হক বলেন, দোকানের কর্মচারীরা ঈদের সময় গভীর রাত পর্যন্ত কাজ করেন। অনেকে প্রিয়জনের সঙ্গে ঈদ করতে পারেন না, বাবা-মা ও পরিবারের সদস্যদের জন্য জামা-কাপড় কিনতেও পারেন না কর্মচারীরা।
দশ দফা দাবিগুলোর মধ্য আরও আছে দোকান কর্মচারীদের অতিরিক্ত কাজের জন্য কর্মচারীদের ওভারটাইম দেওয়া ও মাসিক বেতন বাড়ানো।
এ সময় ইউএনআই গ্লোবাল বাংলাদেশ কাউন্সিলের নির্বাহী সম্পাদক ও সমন্বয়ক মোস্তফা কামাল দোকান কর্মচারীদের দাবিগুলো বাস্তবায়নের জন্য বাংলাদেশ সরকার ও দোকান মালিকদের প্রতি আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে জাতীয় দোকান কর্মচারী ফেডারেশনের সভাপতি রফিকুল ইসলাম, কেন্দ্রীয় নেতা আবদুল লতিফ, মো. লিটন প্রমুখ উপস্থিত ছিলেন।