বেতন-বোনাসের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার তেলিরচালা এলাকায় পোশাক তৈরির একটি কারখানার শ্রমিকেরা গতকাল রোববার সকালে কর্মবিরতি ও বিক্ষোভ শুরু করেন। এ সময় শ্রমিক ও পুলিশের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এতে কমপক্ষে ৩৫ জন শ্রমিক আহত হন।
শিল্প পুলিশ ও কারখানার শ্রমিক সূত্রে জানা গেছে, তেলিরচালার এ টি এস অ্যাপারেলস পোশাক কারখানার শ্রমিকেরা চলতি সেপ্টেম্বর মাসের পুরো বেতন, মূল বেতনের সমপরিমাণ বোনাস ও বার্ষিক ছুটির টাকার দাবি জানিয়ে আসছিলেন। গতকাল সকালে শ্রমিকেরা কর্মবিরতি ও বিক্ষোভ শুরু করেন। কারখানা কর্তৃপক্ষ ১৫ দিনের বেতন, মূল বেতনের ৬০ শতাংশ বোনাস দেওয়ার ঘোষণা দেয় এবং তা ২ অক্টোবর পরিশোধের আশ্বাস দেয়। কর্তৃপক্ষ বার্ষিক ছুটির টাকা দিতে রাজি না হওয়ায় শ্রমিকেরা ক্ষোভে ফেটে পড়েন। শ্রমিকেরা কাজ বন্ধ রেখে কারখানার ভেতরে অবস্থান করতে থাকেন। কর্তৃপক্ষের লোকজন শ্রমিকদের কাজে যোগ দিতে বললেও শ্রমিকেরা দাবি আদায় না হওয়া পর্যন্ত কাজে যোগ দেবে না বলে জানিয়ে দেন। পরে কর্তৃপক্ষ শিল্প পুলিশকে খবর দেয়। পুলিশ কারখানার সামনে পৌঁছালে শ্রমিকেরা উত্তেজিত হয়ে পড়ে। একপর্যায়ে শ্রমিকেরা ভেতরে বিক্ষোভ করতে থাকেন এবং কারখানার কম্পিউটারসহ মূল্যবান আসবাবপত্র ভাঙচুর করেন। পরে কিছু শ্রমিক কারখানার ভেতর থেকে বাইরে চলে এলে পুলিশ তাঁদের ধাওয়া দেয়। এ সময়ে শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকেন। তাঁরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেন। কয়েকটি যানবাহনও ভাঙচুর করেন। পরে পুলিশ শ্রমিকদের লাঠিপেটা ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে কমপক্ষে ৩৫ জন শ্রমিক আহত হন। তাঁরা স্থানীয় ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
কারখানার মহাব্যবস্থাপক (জিএম) ইয়াছিন গনি চৌধুরী জানান, শ্রমিকদের বেতন-বোনাস ২ অক্টোবর পরিশোধ করার কথা বলা হয়েছে। কিন্তু শ্রমিকেরা তা মানতে রাজি হননি।
গাজীপুর শিল্প পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।