বেতন-বোনাসের দাবিতে শ্রমিকদের অবস্থান কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার আশুলিয়ার জিরানি এলাকার একটি পোশাক কারখানার শ্রমিকেরা বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে স্থানীয় প্রেসক্লাব চত্বরে দুই দিন ধরে অবস্থান কর্মসূচি পালন করছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত তাঁরা কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।
আশুলিয়া শিল্প পুলিশ ও আশুলিয়া থানা সূত্রে জানা যায়, জিরানি এলাকার টেন স্টার অ্যাপারেলস নামের পোশাক কারখানার শ্রমিকদের গত জুলাই মাসের আংশিক আর আগস্ট ও চলতি মাসের বেতন এবং ঈদ বোনাস পরিশোধ না করেই কর্তৃপক্ষ ১৭ সেপ্টেম্বর কারখানা বন্ধ করে চলে যায়। এরপর থেকে ওই কারখানার তিন শতাধিক শ্রমিক বেতন ও বোনাসের জন্য আন্দোলন করে যাচ্ছেন। এর পরও কর্তৃপক্ষ সাড়া না দেওয়ায় গত সোমবার থেকে তাঁরা আশুলিয়া প্রেসক্লাব চত্বরে অবস্থান নেন। দাবি আদায়ে তাঁরা গতকাল মঙ্গলবার পর্যন্ত সেখানেই অবস্থান করছিলেন।
এ বিষয়ে গতকাল ওই কারখানার সুপারভাইজার জামাল শেখ, আতিক হাসান ও অপারেটর সাবিনা আক্তার বলেন, বেতন ও বোনাস না নিয়ে তাঁরা ঘরে ফিরবেন না।