বেতন-বোনাসের দাবিতে শ্রমিকদের সমাবেশ
পবিত্র ঈদুল আজহার আগে সব বিভাগের শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ এবং মাসিক বেতনের সমপরিমাণ ঈদ বোনাস দিতে হবে। গ্যাস-বিদ্যুৎসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমাতে হবে। গত শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ মৌলভীবাজার জেলা কমিটির উদ্যোগে শহরের চৌমোহনা এলাকায় সমাবেশে বক্তারা এসব দাবি করেন।
সংগঠনের মৌলভীবাজার জেলা কমিটির সহসভাপতি মো. মোস্তফা কামালের সভাপতিত্বে সমাবেশে অতিথি ছিলেন সংঘের সিলেট জেলা কমিটির সহসভাপতি আবুল কালাম আজাদ। অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা কমিটির সাধারণ সম্পাদক রজত বিশ্বাস, হোটেল শ্রমিক ইউনিয়নের সহসাধারণ সম্পাদক শাহিন মিয়া প্রমুখ। সমাবেশ থেকে শ্রমিক-কর্মচারীদের জন্য বর্তমান বাজারদরের সঙ্গে সংগতিপূর্ণ ন্যূনতম মূল মজুরি ১০ হাজার টাকা ঘোষণা, আইএলও কনভেনশন অনুযায়ী শ্রম আইন প্রণয়ন, আট ঘণ্টা কাজ, শ্রম আইন কার্যকর, সমকাজে সমমজুরি, চা-শ্রমিকদের দৈনিক ৪০০ টাকা মজুরি ও সাপ্তাহিক ছুটির দিনে মজুরি প্রদানসহ বিভিন্ন দাবি জানানো হয়।