বেতন-ভাতা না পেয়ে কষ্টে আছেন ১০ শিক্ষক-কর্মচারী
রংপুরের তারাগঞ্জ উপজেলার মেনানগর নুরুল হুদা মোজাদ্দেদীয়া দাখিল মাদ্রাসার শিক্ষক-কর্মচারীরা চার মাস ধরে বেতন-ভাতা পাচ্ছেন না। এতে তাঁরা পরিবার-পরিজন নিয়ে মানবেতার জীবনযাপন করছেন। শিক্ষাপ্রতিষ্ঠানটির পরিচালনা কমিটি না থাকায় বেতন-ভাতা নিয়ে এ সংকট তৈরি হয়েছে বলে জানা গেছে।
তারাগঞ্জ উপজেলা সদর থেকে আট কিলোমিটার দূরে মেনানগর গ্রামে ১৯৭৩ সালে মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হয়। এখানে বর্তমানে ১৮ জন শিক্ষক-কর্মচারীর পদ থাকলেও আছেন ১০ জন। শিক্ষার্থী আছে ৩৬৩ জন।
শিক্ষকেরা বলেন, গত ১০ মার্চ ওই মাদ্রাসার অ্যাডহক কমিটির মেয়াদ শেষ হয়। গত জুন মাসে তারাগঞ্জের তৎকালীন ইউএনও গোলাম মওলার বিশেষ উদ্যোগে শিক্ষক-কর্মচারীদের ফেব্রুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত তিন মাসের বেতন-ভাতা দেওয়া হয়। কিন্তু এরপরও মাদ্রাসা সুপার নিয়মিত অথবা অ্যাডহক কমিটি গঠনের উদ্যোগ না নেওয়ায় এ পর্যন্ত আর কমিটি হয়নি। আর কমিটি না থাকায় শিক্ষকেরা মে মাস থেকে বেতন-ভাতা পাচ্ছেন না।
মাদ্রাসার সহকারী শিক্ষক মিজানুর রহমান বলেন, বেতন না পাওয়ায় পরিবার-পরিজন নিয়ে তাঁরা কষ্টে আছেন। সন্তানদের লেখাপড়ার খরচ পর্যন্ত জোগাতে পারছেন না। কোরবানির ঈদ আসছে। কীভাবে ঈদ পার করবেন বুঝতে পারছেন না।
সুপার মাওলানা মোফাজ্জল হোসেন বলেন, ‘কমিটি গঠনের উদ্যোগ নিয়েছি। খুব শিগগির শিক্ষকেরা বেতন-ভাতা পেয়ে যাবেন।’
তারাগঞ্জের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত ইউএনও জিয়াউর রহমান মুঠোফোনে বলেন, ‘আট দিন আগে তারাগঞ্জের অতিরিক্ত দায়িত্ব পেয়েছি।বিষয়টি খোঁজ নিয়ে দেখব।’