বেতন ও উৎসব ভাতা বৃদ্ধির দাবিতে গতকাল শুক্রবার গাজীপুরের টঙ্গী শিল্প এলাকার একটি কারখানায় ভাঙচুর, বিক্ষোভ ও গুদামে অগ্নিসংযোগ করেছেন ওই কারখানার শ্রমিকেরা। এ সময় শ্রমিক ও পুলিশের সংঘর্ষে কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন।
কারখানার শ্রমিক ও পুলিশ সূত্রে জানা গেছে, টঙ্গী শিল্প এলাকার জাবের অ্যান্ড জুবায়ের ফেব্রিকস লিমিটেড কারখানার শ্রমিকেরা গত জুন থেকে বকেয়া বেতন ও আসন্ন ঈদের উৎসব ভাতা বৃদ্ধির জন্য কর্তৃপক্ষকে একাধিকবার বলেন। কর্তৃপক্ষ জুলাই মাসের প্রথম দিকে বৃদ্ধি করা বেতন ও উৎসব ভাতা প্রদানের আশ্বাস দিয়ে তা দেয়নি। প্রতিশ্রুতি পূরণ না করায় গতকাল সকাল সাড়ে সাতটার দিকে কমপক্ষে ১৫ হাজার শ্রমিক কাজ বন্ধ করে কারখানার সামনে বিক্ষোভ শুরু করেন। এ সময় তাঁরা ইটপাটকেল নিক্ষেপ করে কারখানার কাচ ভাঙচুর করেন।
একপর্যায়ে কিছু শ্রমিক কেমিক্যালের গুদামে অগ্নিসংযোগ করেন। পরে পুলিশ এসে শ্রমিকদের নিয়ন্ত্রণের চেষ্টা করলে শ্রমিক-পুলিশ সংঘর্ষ বেঁধে যায়। এতে টঙ্গী-পাগাড় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ লাঠিপেটা ও ২০টি কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। এ সময় কমপক্ষে ২৫ জন শ্রমিক আহত হন। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
এ ব্যাপারে কথা বলতে কারখানার কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তাঁরা কোনো কথা বলতে রাজি হননি।
গাজীপুর শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) আবদুল খালেক জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।