বেতন-ভাতার দাবিতে নৈশপ্রহরীদের মানববন্ধন
ময়মনসিংহের নান্দাইল উপজেলার ৭৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি কাম নৈশপ্রহরীরা বেতন-ভাতার দাবিতে গতকাল বুধবার নান্দাইল পৌর শহরে মানববন্ধন করেছেন। একই দাবিতে তাঁরা ইউএনওর মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি পেশ করেছেন।
গতকাল দুপুর ১২টা থেকে প্রায় ঘণ্টা খানেক সময় তাঁরা ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইল পৌর শহরের বঙ্গবন্ধু চত্বর এলাকায় মানববন্ধন করেন।
স্থানীয় বিভিন্ন সূত্রে খোঁজ নিয়ে জানা যায়, আউটসোর্সিংয়ের মাধ্যমে দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোতে দপ্তরি কাম নৈশপ্রহরী নিয়োগ দেওয়া হয়। ওই নিয়োগবিধির ৭(২) অনুচ্ছেদ অনুযায়ী নিয়োগ প্রদানের একচ্ছত্র ক্ষমতার অধিকারী ছিলেন সাংসদেরা। নান্দাইলেও সাংসদের নির্দেশে ৭৮টি প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরি-কাম নৈশপ্রহরী নিয়োগ দেওয়া হয়। এর মধ্যে দুজনের নিয়োগ নিয়ে ঈশ্বরগঞ্জে অবস্থিত জ্যেষ্ঠ সহকারী জজ আদালতে দুটি মামলা বিচারাধীন।
ছয়জন দপ্তরি কাম নৈশপ্রহরী গতকাল বলেন, গত বছরের ২৫ এপ্রিল নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তার স্বাক্ষরিত নিয়োগপত্র হাতে পেয়ে তাঁরা বিদ্যালয়ে যোগ দিয়েছেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষকেরা তাঁদের নিয়োগপত্র গ্রহণ করেছেন। ১০ মাস ধরে তাঁরা বিদ্যালয়ে উপস্থিত হয়ে দায়িত্ব পালন করে যাচ্ছেন। এখন পর্যন্ত তাঁরা বেতন-ভাতা পাননি।
এ বিষয়ে জানতে চাইলে নান্দাইল উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নারকলি নাজনীন বলেন, প্রথম পর্যায়ে যে ৩৮ জনকে নিয়োগ দেওয়া হয়েছিল, তাঁরা নিয়মিত বেতন-ভাতা পাচ্ছেন। দ্বিতীয় পর্যায়ে নিয়োগ হয়েছে কি না, তা তিনি বলতে পারবেন না।
নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মাদ শাহানুর আলম ৭৮ জনকে নিয়োগপত্র প্রদানের তথ্য মুঠোফোনে নিশ্চিত করেছেন। তিনি আরও বলেন, নিয়োগবিধির ৭(২) অনুচ্ছেদ বাতিল করতে দায়ের করা একটি রিট উচ্চ আদালতে নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। প্রাথমিক শুনানির পর আদালত দপ্তরি কাম নৈশপ্রহরীদের বেতন-ভাতা পরিশোধের ওপর স্থগিতাদেশ দিয়েছেন।
প্রাথমিক শিক্ষা কার্যালয়ের একটি সূত্র জানায়, গত মঙ্গলবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে চিঠি দিয়ে আদালতের স্থগিতাদেশের বিষয়টি জেলা ও উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়কে অবহিত করা হয়েছে।