বেতাগী বন্দর রক্ষা বাঁধে ধস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি বর্ষা মৌসুমে বরগুনার বেতাগী বন্দর রক্ষা বাঁধের তিনটি স্থানের ব্লক ধসে গেছে। ফলে বাঁধের অস্তিত্ব হুমকির মুখে পড়েছে।জানা গেছে, পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ২০০৮ সালে বিষখালী নদীর পাড়ে বেতাগী শহর রক্ষায় প্রায় পাঁচ কোটি টাকা ব্যয়ে ৫০০ মিটার দীর্ঘ ‘বেতাগী বন্দর সংরক্ষণ প্রকল্প’ নামে এ বাঁধ নির্মাণ করে।স্থানীয় বাসিন্দারা জানান, প্রকল্পের কাজ বাস্তবায়নের শুরু থেকেই সিমেন্টের (সিসি) ব্লক তৈরির গুণগত মান নিয়ে প্রশ্ন উঠেছিল, কিন্তু পাউবোর কর্মকর্তারা তাতে কর্ণপাত করেননি। প্রকল্প এলাকার কয়েকজন ব্যবসায়ী জানান, সিসি ব্লক তৈরিতে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করা হয়েছে এবং মাটির ক্ষয় রোধে যে প্রযুক্তি ব্যবহার করা দরকার, তা-ও করা হয়নি। ফলে বাঁধের নিচের ও পাড়ের মাটি ক্ষয়ে যাচ্ছে এবং ব্লক ধসে যাচ্ছে। ব্লকের নিচের অংশের মাটি ক্ষয়ে গর্তের সৃষ্টি হওয়ায় পুরো বাঁধটি এখন হুমকির মুখে।গত মঙ্গলবার সরেজমিনে দেখা গেছে, বাঁধের পশ্চিমাংশের লঞ্চঘাট, পুরাতন থানা ও রুপালী ব্যাংকের পশ্চিম প্রান্তে অনেক ব্লক ধসে গেছে; অনেক ব্লক স্রোতে ভেসে গেছে।লঞ্চঘাট এলাকার স্টেশনারি ব্যবসায়ী আ. মান্নান বলেন, ‘ভাঙনের কারণে চারবার দোকান বদলাইতে অইছে, বাঁধটা দেওয়ায় অনেকটা কাজ অইছেলে। এইডাও ভাইঙা গ্যালে এরপর মোগো যাওনের কোনো জাগা নাই।’বেতাগী বন্দর ব্যবসায়ী সমিতির সভাপতি পরেশ চন্দ্র কর্মকার বলেন, শিগগির ধস ঠেকানো না গেলে পৌর শহরের একটি বড় অংশ যেমন—বেতাগী লঞ্চঘাট, কালীমন্দির, কাঠবাজার, উপজেলা পরিষদসহ সংলগ্ন কয়েক শ ব্যবসাপ্রতিষ্ঠান, কলকারখানা ও বসতবাড়ি হুমকির মুখে পড়বে।পাউবোর বরগুনা কার্যালয়ের উপবিভাগীয় প্রকৌশলী গাজী ইয়ার আলী গতকাল বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, ‘তিনটি এলাকায় ব্লক ধসের কারণে বাঁধটি কিছুটা ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে, এটা ঠিক। ধস রোধে গত অর্থবছরে ১৮ লাখ টাকা বরাদ্দ হয়েছে। ইতিমধ্যে পাঁচ লাখ টাকা ব্যয়ে সংস্কারের কাজ করা হয়েছে। বাকি টাকা দিয়ে মাস খানেকের মধ্যে সংস্কার শুরু করা হবে। বাঁধটি সম্পূর্ণ সুরক্ষার জন্য আমরা নয় কোটি টাকার একটি প্রকল্প প্রস্তাব ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছি। সেটি অনুমোদনের অপেক্ষায় আছে।’