বেতাগীতে আ.লীগ-বিএনপি সংঘর্ষে আহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার বেতাগী উপজেলায় আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। গতকাল রোববার দুপুরে বেতাগী শহরে প্রায় আধা ঘণ্টা ধরে এ সংঘর্ষ হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বেলা দেড়টার দিকে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান খ ম ফাহরিয়া আমিনুল খাসকাচারি মাঠ এলাকা দিয়ে যাওয়ার সময় ছাত্রলীগের একদল কর্মী তাঁর ওপর হামলা চালান।
ছাত্রলীগের কর্মীরা অভিযোগ করেন, আমিনুল বিএনপির মনোনীত উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী শাহজাহান কবিরকে সমর্থন দেওয়ায় তাঁর ওপর এই হামলা হয়। আমিনুলের ওপর হামলার খবর পেয়ে ছাত্রদলের কর্মীরা লাঠিসোঁটা নিয়ে খাসকাচারি মাঠ এলাকায় এলে ছাত্রলীগের কর্মীদের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। প্রায় আধা ঘণ্টাব্যাপী দুই পক্ষে সংঘর্ষের পর অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সংঘর্ষে খ ম ফাহরিয়া আমিনুল, উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহামুদুল হাসান, বিএনপি-সমর্থিত উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী শাহজাহান কবিরের ছেলে শোয়েব কবির ও ছাত্রদলের নেতা সোহেল খানসহ কমপক্ষে ১০ জন আহত হন। আহত ব্যক্তিদের মধ্যে শোয়েব কবির ও সোহেল খানকে বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। মাহামুদুল হাসানকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় বেতাগী পৌর শহরে থমথমে অবস্থা বিরাজ করছে।
অভিযোগ প্রসঙ্গে খ ম ফাহরিয়া আমিনুলের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া গেছে।
এদিকে বেতাগী উপজেলা পরিষদ নির্বাচনে গতকাল মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে চেয়ারম্যান পদে তিনজন, ভাইস চেয়ারম্যান পদে পাঁচজন ও নারী ভাইস চেয়ারম্যান পদে চারজন মনোনয়নপত্র দাখিল করেছেন। আওয়ামী লীগ থেকে বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান এ বি এম গোলাম কবির, বিদ্রোহী প্রার্থী হিসেবে মোশারেফ হোসেন, বিএনপি থেকে চেয়ারম্যান পদে সাবেক উপজেলা চেয়ারম্যান ও বিএনপি সভাপতি মো. শাহজাহান কবির মনোনয়নপত্র দাখিল করেছেন।