বেতাগীতে ইটভাটা-পাঁজায় পুড়ছে কাঠ
বরগুনার বেতাগী উপজেলায় ফসলি জমি এবং আবাসিক এলাকার যেখানে-সেখানে গড়ে ওঠা ইটভাটা ও অবৈধ পাঁজায় কয়লার পরিবর্তে জ্বালানি হিসাবে অবাধে পোড়ানো হচ্ছে বিভিন্ন গাছ।উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলায় অনুমোদিত ইটভাটা রয়েছে চারটি। এর মধ্যে শুধু একটি ভাটায় জিগজ্যাগ চিমনি এবং বাকি তিনটিতে ড্রাম দিয়ে তৈরি চিমনি ব্যবহার করা হচ্ছে। এ ছাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের আবাসিক এলাকায় গড়ে উঠেছে আরও ১০টি অবৈধ পাঁজা। এসব পাঁজায় অবাধে পোড়ানো হচ্ছে বিভিন্ন বনের কাঠ।খোঁজ নিয়ে জানা গেছে, সরকারি নিয়মানুযায়ী (১৯৮৯ প্রণীত আইন) ইটভাটায় কয়লার পরিবর্তে কাঠ ব্যবহার নিষিদ্ধ। উপজেলার কাজীরহাট, বদনীখালী, মোকামিয়া, হোসনাবাদ, বিবিচিনি, কাউনিয়া, সরিষামুড়িসহ বিভিন্ন এলাকায় দেখা গেছে, বৈধ ও অবৈধভাবে গড়ে ওঠা কপক্ষে ১৫টি ইটভাটা ও পাঁজা রয়েছে এসব এলাকায়। কাজীরহাট এলাকার জেআইবি ইটভাটার চারপাশে ইট পোড়ানোর জন্য বিভিন্ন প্রজাতির গাছের কয়েক হাজার মণ লাকড়ি রাখা হয়েছে। জেআইবি ইটভাটার মালিক আ. রশিদ বলেন, ‘পরিবেশ অধিদপ্তরের নিয়মানুসারে কয়লা দিয়ে ইট পোড়ানোর বিধান থাকলেও কয়লা সহজলভ্য না হওয়ায় এবং দাম বেশি থাকায় আমরা তা মানতে পারছি না। তবে এবার কয়লা ব্যবহার করতে চেষ্টা করব।’স্থানীয় ব্যক্তিরা অভিযোগ করেন, প্রশাসনিক নজরদারি না থাকার সুযোগে এক শ্রেণীর অসাধু কর্মকর্তাদের আর্থিক সুবিধা দেওয়ায় মালিকেরা ইটভাটা ও পাঁজায় কাঠ পোড়ানোর সুযোগ পাচ্ছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহম্মদ হাবিবুর রহমান বলেন, ‘ইটভাটায় কাঠ পোড়ানো আইনত নিষিদ্ধ। কিন্তু এ ব্যাপারে আমার কাছে কেউ অভিযোগ করেনি। তবে শিগগিরই এ বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অভিযান চালিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’