বেতাগীতে এইচএসসি পরীক্ষার্থী খুন
পূর্বশত্রুতার জের ধরে গত শুক্রবার বরগুনার বেতাগী উপজেলায় সাইফুল ইসলাম (১৭) নামের এক কলেজছাত্র খুন হয়েছে। সাইফুল উপজেলার হোসনাবাদ ইউনিয়নের পনু হাওলাদারের ছেলে ও বেতাগী ডিগ্রি কলেজের এবারের এইচএসসি পরীক্ষার্থী ছিল।
পরিবার সূত্র জানায়, শুক্রবার সন্ধ্যায় সাইফুল স্থানীয় মোকামিয়া মাদ্রাসাসংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে দাঁড়িয়ে ছিল। এ সময় একই এলাকার বিলেরবাড়ির মহারাজ মিয়ার ছেলে নাজমুল ইসলাম পেছন থেকে সাইফুলকে দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে চলে যায়। এতে সাইফুলের গলা ও খাদ্যনালি কেটে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে অ্যাম্বুলেন্সে করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।
স্থানীয় লোকজন জানান, প্রেমঘটিত বিষয়ে পূর্বশত্রুতার জের ধরে এ খুনের ঘটনা ঘটেছে বলে তারা ধারণা করছেন।
বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, এ ব্যাপারে থানায় একটি হত্যা মামলা করা হয়েছে।
মাদারীপুরে নবজাতকের লাশ উদ্ধার: কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি জানান, গতকাল শনিবার জেলা শহরের শহীদ সাইদ সড়কে একটি টিভির কার্টন থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
ফয়জুরি বেগম নামের এক বৃদ্ধা সকাল আটটার দিকে শহীদ সাইদ সড়ক এলাকার একটি বাড়ির পাশে বাগানে সুপারি টোকাতে গিয়ে লাশটি দেখতে পান।