বেতাগীতে ট্রান্সফরমার চোর চক্রের দুই সদস্য গ্রেপ্তার
বরগুনার বেতাগী উপজেলায় পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরির সঙ্গে জড়িত সংঘবদ্ধ চক্রের সদস্য আবু সালেহ (২০) ও গৌতম সিকদারকে (২৩) শুক্রবার গ্রেপ্তার করা হয়েছে।পল্লী বিদ্যুৎ বিভাগের স্থানীয় কর্মকর্তারা দাবি করেন, উপজেলার বিবিচিনি ইউনিয়নের দেশান্তরকাঠী গ্রামের আল-আমিনের নেতৃত্বে সালেহ, গৌতমসহ ছয়জনের একটি চক্র দীর্ঘদিন ধরে বরগুনা, পটুয়াখালী ও বরিশালের বিভিন্ন স্থানে ট্রান্সফরমার চুরি করে আসছে। স্থানীয় বাসিন্দারা জানান, গত সপ্তাহে দেশান্তরকাঠী গ্রামের পল্লী বিদ্যুতের ৩৫ হাজার টাকার একটি ট্রান্সফরমার রাতে চুরি হয়। এলাকাবাসী আল-আমিন ও তার সহযোগীরা এ ঘটনার সঙ্গে জড়িত বলে সন্দেহ করে তাদের গতিবিধি পর্যবেক্ষণ করতে থাকেন। একপর্যায় চক্রের সদস্যরা বিষয়টি টের পেয়ে গত শুক্রবার দুপুরে পালিয়ে যাওয়ার সময় নিয়ামতি এলাকা থেকে স্থানীয় বাসিন্দারা সালেহ ও গৌতমকে আটক করেন। পরে তাদের বেতাগী থানায় সোপর্দ করা হয়।থানার উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম বলেন, ‘গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের স্বীকারোক্তি অনুযায়ী চুরি হওয়া ট্রান্সফরমারটি শুক্রবার সন্ধ্যায় দেশান্তরকাঠী হিন্দুপাড়া খাল থেকে উদ্ধার করা হয়েছে।’