বেতাগীতে ন্যাশনাল সার্ভিসে নিয়োগে অনিয়ম-অসংগতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার বেতাগী উপজেলায় ন্যাশনাল সার্ভিসের প্রথম ধাপের নিয়োগ তালিকা নিয়ে বিতর্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। প্রথম ধাপে ৮০০ জনের তালিকায় ছাত্রলীগ-যুবলীগের নেতা, আওয়ামী লীগের নেতাদের আত্মীয়স্বজন, এমনকি উপজেলা প্রশাসনের কর্মচারীদের আত্মীয়রা অন্য জেলার বাসিন্দা হয়েও স্থান পেয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।বর্তমান সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী দেশের প্রতিটি পরিবারে অন্তত একজনকে সরকারি চাকরি দেওয়ার লক্ষ্যে সরকার পরীক্ষামূলকভাবে বরগুনা, গোপালগঞ্জ ও কুড়িগ্রামে ন্যাশনাল সার্ভিস প্রকল্প চালু করেছে। বরগুনা জেলায় ১৩ হাজার ৯৪ জন বেকারকে পর্যায়ক্রমে চাকরিতে নিয়োগ দেওয়া হবে। তাঁদের মধ্যে প্রথম ধাপে পাঁচ উপজেলায় চার হাজার প্রার্থীকে নিয়োগ দেওয়া হয়েছে। ১০ মে বেতাগী যুব উন্নয়ন কর্মকর্তা যাচাই-বাছাই শেষে প্রথম ধাপের যে তালিকা প্রকাশ করে ৮০০ জনকে নিয়োগপত্র দেন, তাঁদের বিষয়ে খোঁজখবর নিতে গেলে বেরিয়ে আসে নানা অসংগতি ও অনিয়ম। জেলা প্রশাসক স্বপন কুমার সরকার অবশ্য বলেছেন, অনিয়মের অভিযোগ পাওয়া গেলে সেই প্রার্থীকে তালিকা থেকে বাদ দেওয়া হবে।অনুসন্ধানে জানা গেছে, উপজেলার হোসনাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খলিলুর রহমানের স্ত্রীর চার বোন ডায়না আহমেদ, লুৎফুন্নেছা, তানিয়া আহমেদ ও শাহরিয়া আহমেদ ন্যাশনাল সার্ভিসে নিয়োগ পেয়েছেন। খলিলুর রহমান বিষয়টি স্বীকার করে দাবি করেন, বিয়ে হয়ে যাওয়ায় তাঁরা প্রত্যেকেই ভিন্ন ভিন্ন সংসার করেন। চারজনের মধ্যে দুজনের স্বামী ঠিকাদার, একজনের স্বামী বিদেশে থাকেন ও অপরজনের স্বামী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেন।উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান নিজে ও উপজেলা যুবলীগের সভাপতি আমিনুল ইসলামের দুই ভাই সিরাজুল ইসলাম ও জহিরুল ইসলাম এ প্রকল্পে নিয়োগ পেয়েছেন। নিয়োগ পেয়েছেন জেলা ছাত্রলীগের সহসভাপতি মাসুদুর রহমান খান ও তাঁর ভাবি স্থানীয় পৌর কাউন্সিলর হাবিবুর রহমানের স্ত্রী সানজিদা ইসলাম। হাবিবুর বলেন, ‘আমি মানুষের সেবা করি, বলতে পারেন আমি বেকার ও অসচ্ছল। আমার স্ত্রীর চাকরি হয়েছে এটা ঠিক, আর আমার ভাই আলাদা থাকে।’ দুই ভাইয়ের নিয়োগ পাওয়ার বিষয়টি স্বীকার করে উপজেলা যুবলীগের সভাপতি আমিনুল ইসলাম বলেন, ‘এতে তো কোনো ক্ষতি নেই। সব ক্ষেত্রে তো আর নিয়ম চলে না।’ সাধারণ সম্পাদক মশিউর রহমান বলেন, ‘আমি আসলেই বেকার। আমাদের যে টিনের ব্যবসা আছে, সেটা আমার বাবার।’শুধু সরকারি দলের লোকজনই নয়, সরকারি কর্মচারীরাও কম যাননি। উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের প্রধান সহকারী শঙ্কর চন্দ্র দেবনাথের ছোট ভাই স্বপন দেবনাথ, যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের মাঠ কর্মকর্তা সুলতান আহম্মেদের শ্যালক বরিশালের বাসিন্দা মো. আরিফুল ইসলাম নিয়োগ তালিকায় স্থান পেয়েছেন।নিয়োগপ্রাপ্ত ব্যক্তিদের মধ্যে ফেরদৌসী জাহান, তপন কুমার, জুলিয়া আকতার, বিধান কর্মকারসহ প্রায় ১০০ জন বেতাগী কলেজের শিক্ষার্থী। পরিবারে সরকারি চাকরিজীবী আছেন, তারপরও নিয়োগ পেয়েছেন স্মৃতি রানী, উত্তম কুমার, মনোজ দাস ও সাইদুর রহমান। বাবার নাম বিকৃত করে চাকরি পেয়েছেন বুড়ামজুমদার ইউনিয়নের খলিলুর রহমান ও কামাল আহসান। খলিল আবেদনপত্রে বাবার নাম হুদদত আলী গাজী আর আহসান বাবার নাম লিখেছেন গাজী মো. হুদদত আলী। একই ইউনিয়নের কাউনিয়া গ্রামের আ. গনি মিয়ার ছেলে শামীম আহসান ও মেয়ে ইসরাত জাহান তাঁদের আবেদনপত্রে বাবার নাম লিখেছেন যথাক্রমে আ. গনি মিয়া ও এ গনি মিয়া। উপজেলার হোসনাবাদ গ্রামের বশির আলম, তাঁর স্ত্রী ও ছোট বোন যথাক্রমে সালমা আক্তার, দুলালী বেগম নিয়োগ তালিকায় রয়েছেন। একইভাবে মোকামিয়া ইউনিয়নের নুরুল আমীন ও তাঁর স্ত্রী লাইলী বেগম চাকরি পেয়েছেন।ন্যাশনাল সার্ভিসে চাকরির জন্য আবেদন করেছিলেন বেতাগী উপজেলার বুড়ামজুমদার ইউনিয়নের বেকার যুবক আবদুর রাজ্জাক। তিনি বলেন, ‘আবেদনের এক মাস পরই আমার সরকারি চাকরির বয়সসীমা শেষ হয়ে যায়। আবেদনে কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণের সনদ যুক্ত করেছিলাম। কিন্তু চাকরি জোটেনি।’ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোজাম্মেল হক বলেন, ‘সরেজমিনে যাচাই-বাছাই করে প্রথম পর্বের নিয়োগ তালিকা চূড়ান্ত করেছি। তার পরও কীভাবে যে এমন অসংগতি রয়ে গেল, তা আমিও বুঝতে পারছি না। তবে আমরা যাচাই-বাছাই করব এবং সত্য হলে তাঁদের বাদ দেব।’