বেতাগীতে পৌর সচিবকে মারধর ও ফাইল লুট
বরগুনার বেতাগী পৌরসভার সচিব হুমায়ুন কবির গতকাল সোমবার সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন। এ সময় হামলাকারীরা পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের সার্ভিস বুকসহ গুরুত্বপূর্ণ ফাইলপত্র লুট ও আসবাবপত্র তছনছ করে। বেতাগী পৌরসভার সচিব হুমায়ুন কবির অভিযোগ করেন, সোমবার সকাল ১০টার দিকে তিনি পৌর কার্যালয়ে গেলে পৌরসভার প্রধান সহকারী তুহিন সিকদার তাঁর কাছে কর্মচারীদের সার্ভিস বই চান। তিনি একটু পরে দেওয়ার কথা বললে তুহিন ক্ষিপ্ত হয়ে ওঠেন। একপর্যায়ে তুহিন, রাজ্জাক ও বাবুলসহ বেশ কয়েকজন কর্মচারী তাঁকে মারধর করেন এবং আসবাবপত্র ও বেশ কিছু ফাইলপত্র লুট করেন। এ সময় উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সম্প্রতি আওয়ামী লীগে যোগ দেওয়া আবদুর রহমান ও পৌর আওয়ামী লীগের সভাপতি বাবুল আখতার পৌরসভা কার্যালয়ের সামনের বারান্দায় উপস্থিত ছিলেন। গুরুতর আহতাবস্থায় হুমায়ুন কবিরকে প্রথমে বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো. রুস্তম আলী জানান, সচিবের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল। ঘটনার পর আওয়ামী লীগের কর্মীরা শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। সমাবেশে বর্তমান মেয়র ও বিএনপি নেতা শাহজাহান কবির ও সচিব হুমায়ুন কবিরকে দুর্নীতিবাজ আখ্যা দিয়ে গ্রেপ্তারের দাবি করেন বক্তারা। সমাবেশে আবদুর রহমান, বাবুল আখতার, কাউন্সিলর হাদিসুর রহমান প্রমুখ বক্তব্য দেন। অভিযোগের বিষয়ে তুহিন সিকদার বলেন, হুমায়ুন কবির বিগত দিনের বিভিন্ন দুর্নীতির ফাইল গায়েব করেছেন, তাঁরা শুধু বাধা দিয়েছেন, মারধরের কোনো ঘটনা ঘটেনি। বর্তমান মেয়র শাহজাহান কবির বলেন, তিনি দুর্নীতি করে থাকলে তা কর্তৃপক্ষ খতিয়ে দেখবে। আক্রোশবশত সচিব হুমায়ুনকে পরিকল্পিতভাবে মারধর করা হয়েছে বলে দাবি করেন তিনি।সংখ্যালঘু নির্যাতনের অভিযোগহিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ নাটোর জেলা কমিটি সোমবার পুলিশ সুপারের কার্যালয়ে অভিযোগ করে জানান, নির্বাচনে পরাজয়ে ক্ষুব্ধ হয়ে মখলেছ, আনোয়ারসহ গোপালপুরে পরাজিত মেয়র প্রার্থী ও ছাত্রলীগের নেতা সাইফুল ইসলামের কর্মীরা শনিবার গোপালপুর বাসস্ট্যান্ডে ব্যবসায়ী ব্রজেন রায়কে চড়-থাপড় মারেন এবং তাঁর ব্রিফকেস কেড়ে নেন। ব্রজেন রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এর আগের দিন শুক্রবার বিকেলে ওই প্রার্থীর সমর্থকেরা নর্থ বেঙ্গল সুগার মিলের শ্রমিক ভুট্টা রায়কে (৩২) মারধর করেন। রোববার তাঁরা গোপালপুর ফিলিং স্টেশনের সামনে তমালতলা কলেজের সহকারী অধ্যাপক বিপ্লব কুমারকে লাঞ্ছিত করেন। অভিযোগ অস্বীকার করে সাইফুল ইসলাম বলেন, তিনি বা তাঁর কোনো নেতা-কর্মী এ ধরনের ঘটনা ঘটাননি। তাঁদের নাম ভাঙিয়ে কেউ এসব ঘটনা ঘটাতে পারে। তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে তাঁর কোনো আপত্তি নেই। নাটোরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার নাসিরুল ইসলাম বলেন, অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য লালপুর থানাকে নির্দেশ দেওয়া হয়েছে। কাউকে এ ব্যাপারে প্রশ্রয় দেওয়া হবে না।