বেতাগীতে বখাটেদের বিরুদ্ধে সর্বস্তরের মানুষের মানববন্ধন
বরগুনার বেতাগী উপজেলায় এসএসসি পরীক্ষার্থী এক ছাত্রীর বিরুদ্ধে বখাটেদের কুরুচিপূর্ণ লিফলেট বিতরণ এবং এক কলেজছাত্রীর জিহ্বা কেটে ফেলার চেষ্টার প্রতিবাদে সর্বস্তরের মানুষ মানববন্ধন করেছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বেতাগী পৌর শহরের বিষখালী চত্বরে এ মানববন্ধন হয়।বেতাগী প্রেসক্লাব ও সচেতন নাগরিক পরিষদের (সনাক) বেতাগী শাখা আয়োজিত এ কর্মসূচিতে বেতাগীর সর্বস্তরের মানুষ অংশ নেয়। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন সনাকের বেতাগী উপজেলা শাখার সভাপতি অধ্যক্ষ এ জেড এম বদরুদ্দোজা, লোক মোর্চার উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, স্থানীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য রিজিয়া বেগম, বেতাগী উন্নয়ন আন্দোলনের সভাপতি খাইরুল ইসলাম প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, বেতাগী উপজেলায় পরপর দুজন ছাত্রী সামাজিক, মানসিক ও শারীরিকভাবে লাঞ্ছিত হওয়ার পরও পুলিশ দায়ী বখাটেদের বিরুদ্ধে তেমন কোনো ব্যবস্থা নেয়নি। দুই ছাত্রীর লাঞ্ছনার সঙ্গে জড়িত বখাটেদের বিরুদ্ধে যে মামলা করা হয়েছে, আইনি দিক থেকে তার ভিত্তি খুবই দুর্বল। এদিকে বেতাগী সদর ইউনিয়নে এসএসসি পরীক্ষার্থী ছাত্রীর বিরুদ্ধে কুরুচিপূর্ণ কথা লিখে লিফলেট বিতরণের ঘটনায় গত বুধবার মেয়েটির বাবা বেতাগী থানায় লিখিতভাবে আরও একটি অভিযোগ দেন। পুলিশ ওই অভিযোগটিও সাধারণ ডায়েরি (জিডি) আকারে নথিভুক্ত করেছে। যোগাযোগ করা হলে বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম প্রথম আলোকে জানান, ‘মেয়েটির বাবা আগে যে জিডি করেছিলেন সেটি ৫০৯ (উত্ত্যক্ত) ও ৫০৬ (ভয়ভীতি প্রদর্শন) ধারায় আদালতে মামলা হিসেবে তদন্ত করে তার প্রতিবেদন গত বুধবার আদালতে পাঠিয়েছি। লিফলেটের ব্যাপারে নতুন অভিযোগটি জিডি আকারে তদন্ত করছি।’ এর কারণ হিসেবে ওসি বলেন, কে বা কারা লিফলেট দিয়েছে, তা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না । আর এ রকম ঘটনায় মামলা নেওয়ার বিধান নেই। মেয়েটির বাবা গতকাল দুপুরে প্রথম আলোকে বলেন, মেয়েটা গতকাল কোনোমতে ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা দিলেও আতঙ্ক ও অসুস্থতার কারণে পরীক্ষা তেমন ভালো হয়নি। তিনি ক্ষোভের সঙ্গে বলেন, তাঁর মেয়েকে উত্ত্যক্ত করা, কুরুচিপূর্ণ লিফলেট বিতরণ, অপহরণের হুমকির ঘটনায় এখন পর্যন্ত পুলিশ কোনো মামলা নেয়নি। মেয়েটির বাবা বলেন, ‘বখাটে সাইফুলের আত্মীয়স্বজনেরা নানাভাবে হুমকি দিচ্ছে। মান-সম্মান তো গেছেই, এখন ওদের হাতে জীবনটাও মনে হয় যাবে।’ তিনি বলেন, ‘মেয়ের অবস্থা খুবই খারাপ। সারা দিন চোখে চোখে রাখি। কখন যে কী করে বসে।’ বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির বরগুনা জেলায় নিযুক্ত প্রতিনিধি সেলিনা আকতার প্রথম আলোকে বলেন, ‘মেয়েটির বাবা গত বুধবার নতুন করে অভিযোগ দেওয়ার পর আইনানুযায়ী সেটা থানায় নিয়মিত মামলা হিসেবে নথিভুক্ত করা যেত। কিন্তু সেটা না করে শুধু জিডি আকারে নথিভুক্ত করার বিষয়টি সন্দেহজনক।