বরগুনার বেতাগী উপজেলার মোকামিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের ওপর হামলা ও তাঁকে হত্যার হুমকি দেওয়ার প্রতিবাদে শিক্ষার্থীরা গতকাল বিদ্যালয়ের পরীক্ষা বর্জন করে বিক্ষোভ সমাবেশ করেছে।সূত্র জানায়, গত শুক্রবার বিদ্যালয়ের সভাকক্ষে পরীক্ষা কমিটির সভা চলাকালে আল-আমিন ও মো. মিরাজ নামের স্থানীয় দুই যুবক সেখানে গিয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনোরঞ্জন বলকে মারধর শুরু করে। এ সময় উপস্থিত অন্য শিক্ষকেরা পরিস্থিতি সামাল দেন। এরপর ওই যুবকেরা মনোরঞ্জনকে হত্যার হুমকি দিয়ে চলে যায়।ওই ঘটনার প্রতিবাদে বিদ্যালয়ের শিক্ষার্থীরা গতকাল সকালে নির্ধারিত পরীক্ষা বর্জন করে মোকামিয়া বাজার এলাকায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করে। এতে শিক্ষকের ওপর হামলা ও হুমকি দেওয়ার ঘটনায় জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হয়। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনোরঞ্জন বল বলেন, তাঁর কাছে চাঁদা দাবি করে না পাওয়ায় আল-আমিন ওই হামলা করে। ঘটনার পর থেকে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন।উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনির হোসেন হাওলাদার, বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল হক ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অসীম সমাদ্দার গতকাল দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করে মনোরঞ্জন বলকে সার্বিক নিরাপত্তা দেওয়ার আশ্বাস দেন। বিদ্যালয় এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।