বেতাগীতে সেই মেয়েটির পরিবারকে হুমকি, বগুড়ার বখাটে গ্রেপ্তার হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার বেতাগী উপজেলায় বখাটের ছুরির আঘাতে আহত কলেজছাত্রীর পরিবারকে মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। অন্যদিকে বগুড়ায় মেয়েকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় রামদার কোপে আহত কলেজশিক্ষকের অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। তবে হামলাকারী বখাটেকে গতকাল সোমবার বিকেল পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।গতকাল বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেয়েটিকে ব্যথায় গোঙাতে দেখা গেছে। জিহ্বার অনেকখানি কেটে যাওয়ায় দুই দিন ধরে তিনি স্বাভাবিক কোনো খাবার খেতে পারেননি। ফলে ক্রমেই দুর্বল হয়ে পড়ছেন তিনি। গতকালও কোনো কথা বলতে পারেননি তিনি। তাঁর মা অভিযোগ করেন, রোববার রাতে তাঁর মুঠোফোনে অজ্ঞাত পরিচয়ের কয়েকজন ফোন করে তাঁকে কয়েক দফা হুমকি দিয়েছে। হুমকিদাতারা বলেছে, মামলা তুলে না নিলে তাঁর ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হবে এবং তাঁর ছোট মেয়ের মুখ এসিডে ঝলসে দেওয়া হবে। এর পর থেকে তাঁরা আতঙ্কে আছেন। এরই মধ্যে শাহ জালাল নামের হামলাকারীকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা হয়েছে।মেয়েটির কয়েকজন আত্মীয় অভিযোগ করেন, সরকারদলীয় স্থানীয় এক জনপ্রতিনিধিও শাহ জালালকে রক্ষার জন্য তদবির চালাচ্ছেন। এতে তাঁরা মামলার ভবিষ্যৎ এবং মেয়েটি ও তাঁর পরিবারের নিরাপত্তা নিয়ে শঙ্কিত হয়ে পড়েছেন।বেতাগী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রুস্তুম আলী গতকাল বলেন, মেয়েটির জিহ্বায় যে আঘাত, তা সেরে উঠতে অনেক সময় লাগবে। নাকের ওপরের অংশ ও মাথার আঘাতও গুরুতর।বরগুনার পুলিশ সুপার মাহবুব হাকিম গতকাল সকালে স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে মেয়েটির শারীরিক অবস্থার খোঁজ নেন। পরে তিনি মেয়েটির বাড়িতে যান।বেতাগী থানার ওসি মো. শাহ আলম বলেন, শাহ জালালকে গতকাল জেলহাজতে পাঠানো হয়েছে। পুলিশ সুপার মাহবুব হাকিম প্রথম আলোকে বলেন, তিনি এ বিষয়ে সুষ্ঠু তদন্ত চালানোর জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশ দিয়েছেন।গত শনিবার রাতে ছুরি দিয়ে ওই কলেজছাত্রীর জিহ্বা কেটে ফেলার চেষ্টা চালায় প্রতিবেশী যুবক শাহ জালাল। এতে মেয়েটির জিহ্বার অনেকটা কেটে যায় এবং মাথা ও নাকে গুরুতর জখম হয়।এদিকে বগুড়ায় বখাটের রামদার কোপে আহত ফকির উদ্দিন স্কুল ও কলেজের রসায়ন বিভাগের প্রভাষক আকতারুল আলমের (৪৮) অবস্থার উন্নতি হয়েছে। তবে গতকাল বিকেল পর্যন্ত বখাটে যুবককে পুলিশ গ্রেপ্তার করতে পারেনি। আকতারুল আলম জানিয়েছেন, শাকি (১৯) নামের এক যুবক তাঁর মেয়েকে উত্ত্যক্ত করে আসছিল। তিনি এর প্রতিবাদ করেন এবং কয়েক দিন আগে কলেজের কয়েকজন শিক্ষক শাকিকে এ অপরাধে কিছুক্ষণের জন্য আটকেও রাখেন।