বেতাগীতে হিসাব নিয়ে বিড়ম্বনায় ব্যাংক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার বেতাগী উপজেলায় ১০ টাকায় খোলা কৃষকের আট হাজার ২২৭টি ব্যাংক হিসাব অলস পড়ে আছে। ব্যাংকগুলোকে এসব হিসাব সচল রাখতে বিড়ম্বনা পোহাতে হচ্ছে।সংশ্লিষ্ট ব্যাংকগুলোর কর্মকর্তারা জানান, বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এসব হিসাবে সঞ্চয় বৃদ্ধির জন্য তাগিদ দেওয়া হলেও কৃষকদের কাছ থেকে তেমন সাড়া পাচ্ছেন না তাঁরা। ফলে এসব হিসাব সচল রাখতে বেগ পেতে হচ্ছে ব্যাংকগুলোকে।খোঁজ নিয়ে জানা গেছে, গত দুই বছরে উপজেলার তিনটি ব্যাংকের ছয়টি শাখায় সঞ্চয়ী এ হিসাবগুলো খোলা হয়। এর মধ্যে রূপালী ব্যাংকে এক হাজার ৪৭৯টি, অগ্রণী ব্যাংকে ৯২৯টি, কৃষি ব্যাংকে এক হাজার ৭৯৯টি, একই ব্যাংকের মোকামিয়া শাখায় এক হাজার ২৩৮টি, হোসনাবাদ শাখায় এক হাজার ১৮২টি ও চান্দখালী শাখায় এক হাজার ৬০০টি হিসাব খোলা হয়। বেতাগী সদর ইউনিয়নের কেওড়াবুনিয়া গ্রামের কৃষক আবদুল আজিজ বলেন, ‘অ্যাকাউন্ট একটা খোলা আছে। হ্যাতে কোনো লেনদেন করা অয় নাই। যে ফসল পাই, হেইয়্যা দিয়া সংসার চালানোই দায়, হ্যারপর আবার টাকা জমা রাখমু কী দিয়া?’কৃষি ব্যাংক, বেতাগী শাখার কর্মকর্তা ফেরদৌস মন্টু বলেন, ‘সরকার একটি ভালো উদ্দেশ্য নিয়ে এসব ব্যাংক হিসাব খোলার উদ্যোগ নিয়েছিল। কিন্তু কৃষক পর্যায়ে ব্যাংকিংয়ের প্রতি অনাগ্রহের কারণে এ উদ্দেশ্য অনেকটাই ব্যাহত হচ্ছে। এসব হিসাব সচল রাখতে বছরে দুবার নথিপত্র হালনাগাদ করতে হয়। এ ছাড়া বছরে একবার এসব হিসাবের তথ্যসংবলিত বিবরণী ব্যাংকের কেন্দ্রীয় কার্যালয়ে পাঠাতে হয়। জনবলের সংকট থাকায় এসব করতে আমাদের বিড়ম্বনায় পড়তে হচ্ছে।’কৃষি ব্যাংক, বেতাগী শাখার ব্যবস্থাপক মাহাবুবুর রহমান বলেন, ‘শুরুতে অল্প কিছু কৃষক ব্যাংকে লেনদেনের জন্য এলেও বর্তমানে কেউ আর আসছেন না। লেনদেন না করা হলেও হিসাবগুলো কখনো বন্ধ হবে না।’রূপালী ব্যাংক, বেতাগী শাখার ব্যবস্থাপক জয়ন্ত হালদার বলেন, ‘ব্যাংকগুলোর দূরত্ব, লেনদেন করার মতো টাকা হাতে না থাকা, কৃষিশ্রমিকেরা তাঁদের দৈনন্দিন কাজ ফেলে এবং মজুরি থেকে বঞ্চিত হওয়াসহ নানা কারণে ব্যাংকে আসতে চান না। পাশাপাশি ধান, আলুসহ বিভিন্ন রবিশস্যের ন্যায্যমূল্য না পাওয়ায় অনেক কৃষকের পক্ষে সঞ্চয় করা সম্ভব হচ্ছে না।’