বেতার কর্মকর্তার বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনুষ্ঠান বাণীবদ্ধ (রেকর্ড) না করেই শিল্পীদের স্বাক্ষর জাল করে ভুয়া বিলের মাধ্যমে শিল্পী সম্মানী ভাতার টাকা আত্মসাৎ-চেষ্টার অভিযোগে বাংলাদেশ বেতারের ঠাকুরগাঁও কেন্দ্রের আঞ্চলিক পরিচালক আনোয়ার হোসেন মৃধার বিরুদ্ধে মামলা হয়েছে। কেন্দ্রের তালিকাভুক্ত শিল্পী নুরে আলম গত সোমবার সকালে মুখ্য বিচারিক হাকিম আদালতে এই মামলাটি করেন। মামলার বিবরণ থেকে জানা যায়, গত ১৯ মে ঠাকুরগাঁও কেন্দ্রে নাটক, সংগীত ও কথিকা বাণীবদ্ধ না করেই শিল্পীদের স্বাক্ষর জাল করে ২৬৪ জন শিল্পীর বিপরীতে তিন লাখ ৩৫ হাজার ৫০৭ টাকার বিল আত্মসাতের জন্য জেলা হিসাবরক্ষণ কার্যালয়ে জমা দেওয়া হয়। জমা দেওয়া এই বিলে বাদীর নাম রয়েছে, যদিও তিনি বেতারের কোনো কর্মসূচিতে অংশ নেননি।শিল্পীদের অনেকেই জেলা হিসাবরক্ষণ কার্যালয়ে গিয়ে সই জাল করে ভুয়া বিলের মাধ্যমে টাকা আত্মসাৎ-চেষ্টার সত্যতা পাওয়ার পর গত ৯ জুন জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন। পরে তাঁরা পানিসম্পদমন্ত্রীর সঙ্গে দেখা করে বাংলাদেশ বেতার ঠাকুরগাঁও কেন্দ্রের সংঘটিত বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি সম্পর্কে অবহিত করেন। মন্ত্রী তাঁদের কথা শোনার পর জেলা প্রশাসককে বেতারের অনিয়ম ও দুর্নীতির তদন্ত করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেন। বিষয়টি জানাজানি হলে বেতার কর্তৃপক্ষ জমা দেওয়া বিলটি ফেরত নিতে বিভিন্ন মহলে চেষ্টা করে। দুর্নীতির বিরুদ্ধে বেতার শিল্পীসমাজ শহরে মানববন্ধন কর্মসূচি পালন করে। গত ২ জুন বেতারের উপপরিচালক রাজিয়া সুলতানা ঠাকুরগাঁও এসে শিল্পীদের সঙ্গে আলোচনা করেন। সে সময় শিল্পীরা আঞ্চলিক পরিচালকের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ-চেষ্টার প্রমাণপত্র দেখান। এর পরও বেতার কর্তৃপক্ষ অভিযুক্ত আঞ্চলিক পরিচালকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি।বাদী পক্ষের আইনজীবী আবু বক্কর মোস্তাক আলম জানান, মুখ্য হাকিম আদালতের বিচারক জুলফিকার আলী খান মামলাটি আমলে নিয়ে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) অভিযোগ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। ওসি গোপাল চক্রবর্তী প্রথম আলোকে জানান, মামলার কথা তিনি শুনেছেন। তবে এখন পর্যন্ত আদালতের কোনো নির্দেশ তিনি পাননি। পেলে নির্দেশ অনুযায়ী ব্যবস্থা নেবেন।