বেতারশিল্পীদের সম্মানী ভাতার উৎসে কর প্রত্যাহারের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেতারশিল্পীদের সম্মানী ভাতার উৎসে কর প্রত্যাহার এবং ভাতা বাড়ানোর দাবি জানানো হয়েছে। এ দাবিতে বেতারের শিল্পীরা গতকাল রোববার রংপুর শহরে মানববন্ধন ও সমাবেশ করেছেন। গতকাল সকাল সাড়ে ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত এক ঘণ্টা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বেতার শিল্পী স্বার্থ সংরক্ষণ কমিটি মানববন্ধন ও সমাবেশের আয়োজন করে। এসব কর্মসূচিতে জেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরাও অংশ নেন।মানববন্ধন চলাকালে রংপুর বেতারের সাবেক আঞ্চলিক পরিচালক মনোয়ারা বেগম, রংপুর বেতার নাট্যকার ও নাট্যশিল্পী সংস্থার সভাপতি কাজী মো. জুননুন, সংগীতশিল্পী খাদেমুল ইসলাম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এম এ বাশার, মফিজুল ইসলাম, সিরাজুল ইসলাম, মকসুদার রহমান, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ডিন সরিফা সালোয়া প্রমুখ বক্তব্য দেন। বক্তারা বলেন, অনেক কষ্ট করে দূর-দূরান্ত থেকে শিল্পীরা রংপুর বেতারে এসে সংগীত পরিবেশন করেন। তাঁরা দেশ, মাটি ও মানুষের গান পরিবেশন করে সামান্য সম্মানী পান। আর সেই সম্মানীর উৎসে ১০ শতাংশ কর কর্তন করা হচ্ছে। এর মাধ্যমে তাঁদের আরও অসম্মান করা হচ্ছে।মানববন্ধনে অংশ নেওয়া শিল্পীরা গণসংগীত পরিবেশন করেন। শেষে জেলা প্রশাসকের মাধ্যমে সংস্কৃতিমন্ত্রীর কাছে শিল্পীদের দাবি সংবলিত স্মারকলিপি পেশ করা হয়।