বেতারের আধুনিকায়নের ওপর জোর দিলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ বেতারের আরও আধুনিকায়নের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছেন এবং তাঁর সরকারের পক্ষ থেকে এ ক্ষেত্রে সকল প্রকার সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
প্রধানমন্ত্রী গতকাল সোমবার বাংলাদেশ বেতারের ৭৫ বছর পূর্তি ও ‘হীরকজয়ন্তী’ অনুষ্ঠান উদ্বোধনকালে এসব কথা বলেন। খবর বাসসের।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশ বেতারের গুরুত্ব অপরিসীম। সুতরাং আমি আশা করি, কর্মকর্তা-কর্মচারী ও কলাকুশলীসহ বাংলাদেশ বেতারসংশ্লিষ্ট সবাই প্রযুক্তিগত উন্নয়নের মাধ্যমে প্রতিষ্ঠানটির আধুনিকায়নের গুরুত্ব বুঝতে পারবেন।’ তিনি আরও বলেন, ‘বাংলাদেশ বেতারের আরও আধুনিকায়নে আমরা সকল প্রকার সহযোগিতা করব।’
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, প্রধানমন্ত্রীর তথ্যবিষয়ক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, তথ্য মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ কে এম রহমতুল্লাহ্ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
তথ্যসচিব মরতুজা আহমেদ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। বাংলাদেশ বেতারের মহাপরিচালক কাজী আক্তার উদ্দিন আহমেদ স্বাগত বক্তব্য দেন।
এর আগে প্রধানমন্ত্রী হীরকজয়ন্তীর লোগো-সংবলিত প্ল্যাকার্ড ও বেলুন উড়িয়ে বাংলাদেশ বেতারের ৭৫ বছর পূর্তির চার দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করেন।
প্রধানমন্ত্রী অনুষ্ঠানে ১৯৭১ সালে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র প্রতিষ্ঠা করে সাহসী ও বীরত্বপূর্ণ অবদান রাখায় প্রয়াত সৈয়দ আবদুস শাকের, প্রয়াত বেলাল মোহাম্মদ, প্রয়াত আবুল কাসেম সন্দীপ এবং আবদুল্লাহ আল ফারুক, যিনি মোহাম্মদ আমিনুর রহমান নামে পরিচিত, মোহাম্মদ রাশিদুল হোসেন, মোহাম্মদ আনোয়ার হোসেন খান, এ এম শরফুজ্জামান, মোহাম্মদ রেজাউল করিম চৌধুরী ও কাজী হাবিব উদ্দিন আহমদের পরিবারের সদস্যদের হাতে ক্রেস্ট ও মানপত্র তুলে দেন।
এ ছাড়া তিনি হীরকজয়ন্তী উদ্যাপন উপলক্ষে একটি স্মারক ডাকটিকিটের মোড়ক উন্মোচন করেন।