বেতারের ঠাকুরগাঁও কেন্দ্রের ১৫ লাখ টাকা আত্মসাৎ
বাংলাদেশ বেতারের ঠাকুরগাঁও কেন্দ্রের শিল্পী সম্মানী খাতের ১৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। আত্মসাতের ঘটনা জানাজানি হওয়ার পর বেতারের দুই কর্মকর্তা-কর্মচারী নিজেদের বাঁচাতে একে অন্যের ওপর দোষ চাপাচ্ছেন। বেতারের ঠাকুরগাঁও কেন্দ্র সূত্র জানায়, চলতি অর্থবছরে কেন্দ্রের শিল্পী সম্মানী খাতে দুই দফায় (প্রথম দফায় ৩৫ লাখ ও দ্বিতীয় দফায় নয় লাখ) মোট চুয়াল্লিশ লাখ টাকা বরাদ্দ হয়। বেতারের ঠাকুরগাঁও কেন্দ্রের আঞ্চলিক পরিচালক (চলতি দায়িত্ব) আনোয়ার হোসেন মৃধা সম্প্রতি পদোন্নতি পেয়ে বদলির আদেশ পেলে উপপরিচালক সৈয়দ মোস্তফা কামালকে হিসাবনিকাশ বুঝে নিতে বলেন। আনোয়ার হোসেন মৃধা গত ২৮ মার্চ জেলা হিসাবরক্ষণ অফিসে গিয়ে দেখতে পান শিল্পী সম্মানী খাতে বরাদ্দ করা টাকার বিপরীতে চুয়াল্লিশ লাখ টাকা উত্তোলন করা হয়েছে। যদিও কেন্দ্র থেকে ভাতার ঊনত্রিশ লাখ টাকার ভাউচার জেলা হিসাবরক্ষণ অফিসে জমা দেওয়া হয়। গত ৫ মে আঞ্চলিক পরিচালক বেতারের টাকা গরমিলের ঘটনায় ঠাকুরগাঁও থানায় একটি অভিযোগ করেন। অভিযোগে কেন্দ্রের অনিয়মিত হিসাবরক্ষক চান মিয়ার এবং হিসাবসংশ্লিষ্ট ব্যক্তিদের যোগসাজশে ১১টি চেক জালিয়াতি করে ১৫ লাখ টাকা আত্মসাৎ করা হয়েছে বলে অনুমান করা হয়। এ ঘটনায় চান মিয়াকে হিসাব বিভাগ থেকে টেপ লাইব্রেরিতে বদলি করা হয়। কেন্দ্রের সহকারী পরিচালক মনির হোসেন জানান, বুধবার রাতে কেন্দ্রে আঞ্চলিক পরিচালক আনোয়ার হোসেন মৃধা, উপপরিচালক সৈয়দ মোস্তফা কামাল, সহকারী পরিচালক মনির হোসেন, সালন্দর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মাজেদুল হক ও স্থানীয় গণ্যমান্য লোকজন বসে টাকা আত্মসাতের বিষয়টি মীমাংসা করেন। সেখানে বেতার কর্তৃপক্ষ ও গণ্যমান্য ব্যক্তিদের কাছে চান মিয়া তাঁর অপরাধ স্বীকার করে একটি লিখিত জবানবন্দি দেন এবং আত্মসাৎ করা ১৫ লাখ টাকা ফিরিয়ে দেওয়ার জন্য ১৫ দিনের সময় নিয়ে একটি স্ট্যাম্পে সই করেন ।তবে চান মিয়া অভিযোগ অস্বীকার করে বলেন, ‘ভয় দেখিয়ে আমার কাছ থেকে লিখিত স্বীকারোক্তি নেওয়া হয়েছে। আমি কোনো টাকা আত্মসাৎ করিনি। আঞ্চলিক পরিচালকের নির্দেশেই হিসাবরক্ষণ অফিস থেকে টাকা উত্তোলন করে তাঁর কাছে জমা করেছি। একজন হিসাব কর্মকর্তা ১১টি চেকে জালিয়াতি করেছে, আর দপ্তরের প্রধান সেটা এড়িয়ে গেছেন, এটা গ্রহণযোগ্য নয়।’জেলা হিসাবরক্ষণ কর্মকর্তা লুৎফুল হক জানান, বিল প্রথমে বেতারের হিসাবরক্ষক তৈরি করেন। তা আঞ্চলিক পরিচালকের স্বাক্ষর হওয়ার পর জেলা হিসাবরক্ষণ অফিসে পৌঁছায়। বিল যাচাই করার পর তা আঞ্চলিক পরিচালকের নামে সমপরিমাণ টাকা ব্যাংকে পাঠিয়ে দেওয়া হয়। পরে আঞ্চলিক পরিচালকের স্বাক্ষরিত চেকের মাধ্যমে সেই টাকা উত্তোলন করে শিল্পীদের বিতরণ করা হয়। আঞ্চলিক পরিচালক আনোয়ার হোসেন মৃধা বলেন, টাকা আত্মসাতের ঘটনায় তাঁর সম্পৃক্ততা নেই। বিষয়টি তদন্তের জন্য দুদকের কাছে অভিযোগ করা হয়েছে।