বেতারের সাইনবোর্ডে ভুল লোগো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ বেতার চট্টগ্রাম কেন্দ্রের সাইনবোর্ডে ভুল লোগো দেওয়া হয়েছে। চট্টগ্রাম নগরের আগ্রাবাদ বেতার ভবনের মূল ফটকের বাঁ পাশে এ সাইনবোর্ডটি বসানো হয়।গতকাল মঙ্গলবার সকালে বেতার ভবনের সামনে গিয়ে দেখা যায়, খয়েরি রঙের সাইনবোর্ডে লেখা রয়েছে ‘বাংলাদেশ বেতার চট্টগ্রাম’। এর ঠিক ওপরে লোগোর জায়গায় বৃত্তের মাঝে বাংলাদেশের মানচিত্রের প্রতিকৃতি রয়েছে। এ ছাড়া আর কিছুই নেই।বেতার সূত্র জানায়, বেতারের মূল লোগোতে গাঢ় লাল বৃত্তের মধ্যে থাকে মানচিত্রের প্রতিকৃতি। এর চারপাশে থাকে চারটি বেতার তরঙ্গনির্দেশক চিহ্ন। আর নিচের অংশে লেখা থাকে ‘বাংলাদেশ বেতার’।সূত্র জানায়, নামফলক লেখা ও বসানোর দায়িত্ব বেতারের প্রকৌশল বিভাগের। আর সাত-আট মাস আগে এ সাইনবোর্ড বসানো হয়। শুরু থেকেই ভুলটি লক্ষ করেছিলেন বেতারের সংশ্লিষ্ট বিভাগের কয়েকজন কর্মচারী।নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মী বলেন, ‘আমরা বেতারের সামনে ভুল লোগোসংবলিত সাইনবোর্ডটি সরিয়ে নিতে অনুরোধ জানিয়েছিলাম আঞ্চলিক প্রকৌশলীকে। কিন্তু আমাদের সে কথা কোনো গুরুত্ব পায়নি।’ এ ব্যাপারে চট্টগ্রাম বেতারের আঞ্চলিক প্রকৌশলী আমিনুল ইসলাম বলেন, ‘আমরা এটি পরিবর্তন করে দেব।’