বেতারের স্বায়ত্তশাসন দরকার
দ্রুত পরিবর্তনশীল প্রেক্ষাপটে বাংলাদেশ বেতারকেও পরিবর্তনশীল হতে হবে। সরকারি নিয়ন্ত্রণ থেকে বেরিয়ে বেতারকে স্বায়ত্তশাসন দিতে হবে। মানুষের চাহিদা অনুযায়ী সংবাদ ও অনুষ্ঠান প্রচার করতে হবে।
বাংলাদেশ বেতারের হীরকজয়ন্তী উদযাপনের অংশ হিসেবে আজ বুধবার আগারগাঁওয়ে বেতার ভবনে অনুষ্ঠিত এক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। ‘দ্রুত পরিবর্তনশীল প্রেক্ষাপটে আমাদের বেতার: চ্যালেঞ্জ ও করণীয়’ শীর্ষক এই সেমিনারের আয়োজন করে বেতার কর্তৃপক্ষ।
প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, ‘আমি যখন সাংসদ ছিলাম না, তখনও বেতারের স্বায়ত্তশাসনের কথা বলেছি, সাংসদ হওয়ার পরও বলেছি। মন্ত্রী হিসেবে এখনো বলছি, স্বায়ত্তশাসন দরকার।’
মন্ত্রী বলেন, ‘মানুষ অনুষ্ঠান শুনছে কি না, কতটুকু শুনছে, এ বিষয় জানা জরুরি। এ জন্য জরিপ জরুরি। আর এই জরিপ নিজেরা করলে চলবে না। কোনো পেশাগত প্রতিষ্ঠান দিয়ে নিয়মিত এই জরিপ করতে হবে।’
অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন বলেন, বেতারকে স্বায়ত্তশাসন দিলে ভাবমূর্তি উজ্জ্বল হবে। আর নিয়ন্ত্রণ সীমানার বাইরে গেলে সরকার ও প্রতিষ্ঠানের ভাবমূর্তি নষ্ট হবে।
তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ মোস্তাফা জব্বার অভিযোগ করেন, এফএম রেডিও ভাষার বিকৃতি করছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক শামীম রেজা শ্রোতা জরিপের ওপর জোর দেন। একই বিভাগের আরেক শিক্ষক কাবেরী গায়েন বলেন, বেতারকে ইন্টারনেটে নিয়ে যেতে হবে।
সেমিনারে সভাপতিত্ব করেন বেতারের মহাপরিচালক কাজী আখতার উদ্দিন আহমেদের। সাংবাদিক আবেদ খানের সঞ্চালনায় সেমিনারে আরও বক্তব্য দেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী, সৈয়দ হাসান ইমাম, তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ এস এম মাহবুবুল আলম প্রমুখ।