আখলিছুর রহমান; পেশায় বেতের কারিগর। বেত আর হাত তাঁর একাকার। বেত দিয়ে তিনি ঘরের নানা আসবাব তৈরি করেন। বছর দশেক আগে বিয়ে করেছেন। তখন তাঁর কাজের নিছক দর্শক ছিলেন স্ত্রী সালমা বেগম। স্বামীর কারিগরি দেখতে দেখতে সালমাও একদিন হাত মেলান। সালমা নিপুণ হাতে বেত বোনেন, আর আখলিছ বেতসামগ্রী গড়ার কাজ করে চলেন। সিলেটের ‘বেতপল্লি’ হিসেবে খ্যাত সুরমাপারের ঘাসিটুলায় শুধু আখলিছ-সালমা দম্পতি নন, তাঁদের মতো দুই শতাধিক পরিবার রয়েছে যারা বেতে-হাতে অন্য রকম এক জীবনগাথা রচনা করে চলেছে। এই বৈশাখে বিভিন্ন শহুরে ও গ্রামীণ মেলায় বেতের আসবাব ও শোপিস শোভা পায়। বেতশিল্পের ইতিবৃত্ত: পাহাড়-টিলা অধ্যুষিত দেশের উত্তর-পূর্বাঞ্চলের জেলা সিলেটে প্রাকৃতিকভাবে বনজঙ্গল বেশি। একসময় বেতের জোগান আসত পাহাড়-টিলার পাদদেশের বিভিন্ন জঙ্গল থেকে। এসব জঙ্গলে জম্ম নেওয়া ‘গলা’ (মোটা) আকারের বেত বুনন করে আসবাব তৈরি শুরু হয়। প্রথম কে বেতের বুনন শুরু করেছিলেন, তার সঠিক ইতিহাস কারও জানা নেই। তবে বেতের আসবাবের প্রচলন দেখে এবং বুননশিল্পীদের বংশপরম্পরার কর্মযজ্ঞ থেকে ধারণা করা হয়, সিলেট অঞ্চলে বেতশিল্প প্রায় ২০০ বছরের পুরোনো একটি ঐতিহ্য। সিলেট নগরে শতাধিক বেতসামগ্রীর দোকানের পাশাপাশি রাজধানী ঢাকা, চট্টগ্রামসহ বড় শহরগুলো থেকে বেতের আসবাবের চাহিদা আসে। এ চাহিদার ওপর ভিত্তি করেই চলে বুননকাজ। ঘাসিটুলায় যাওয়ার পথে পশ্চিম শেখঘাটের নবাব রোডের মডার্ন কেইন ফার্নিচারের তরুণ পরিচালক সাইদুল ইসলাম বলেন, ‘এ শিল্পের পুরোটাই হচ্ছে মানুষের শখ পূরণে। মানুষ যত শৌখিন হবে, তত বিকিকিনি বাড়বে।’ ঘাসিটুলায় প্রাণের হাসি: সিলেট সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত ঘাসিটুলা। গ্রামের লামাপাড়া, মোল্লাপাড়া, শেখঘাট, কলাপাড়া—এই চার পাড়ায় চার হাজারেরও বেশি মানুষ বাস করে। ঘাসিটুলার একেকটি ঘর যেন বেতের কারখানা। আবালবৃদ্ধবনিতা বেত বোনার কাজ জানে। ঘাসিটুলায় সুরমা নদীর পাড়ে সোম ও শুক্রবার বসে বেতের হাট। সিলেটের কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট, জৈন্তাপুর, বাদাঘাটের ‘মোড়া’ বেত এখানে বিক্রি হয়। ঘাসিটুলার বুননশিল্পীরা হচ্ছেন এসব বেতের ক্রেতা। বেতের বাজারে একটি আসবাবের কারখানায় ফুলের টবে কাজ করছিলেন মইনুদ্দিন (৩২)। তাঁর সহযোগী আরও তিন-চারজন। সবাই শোপিস বানানোয় ব্যস্ত। কারণ কী—জানতে চাইলে তিনি বলেন, উপলক্ষ বৈশাখ মাস। বৈশাখজুড়ে সারা দেশে বিভিন্ন শিল্পমেলা হয়। এসব মেলায় শোপিসের কদর বেশি। এ ছাড়া বেতের সোফাসেট, খাট, ডাইনিং সেট, রকিং চেয়ার, রেস্টুরেন্ট চেয়ার, ড্রেসিং টেবিল, লন্ড্রি বাসকেট, ঝুড়ি, টেলিফোন টেবিল, ম্যাগাজিন র্যাক, টিভিস্ট্যান্ড, বুকসশেলফ, ওয়ারড্রোব, আলমারি, টি-ট্রলি, ইজি চেয়ার, কম্পিউটার টেবিল, কিচেন কেবিনেট, বাথরুম শেলফ, পার্টিশনও তৈরি করেন তাঁরা। এসব আসবাব তৈরিতে চার ধরনের বেত—জালিবেত, গুলবোকাবেত, গুটাবেত, গল্লাবেত ভারতের আসাম ও মেঘালয় থেকে আমদানি করা হয়। বেতের জয়যাত্রা: ত্রিশোর্ধ্ব সোহরাব উদ্দিন মানা-রাতান ফার্নিচার ইন্ডাস্ট্রির বিপণন কর্মকর্তা। ঘাসিটুলার সন্তান তিনি। তিনি জানান, ঘাসিটুলায় বেত বুননের কাজ প্রায় ২০০ বছর আগে ভারতের আসাম রাজ্য থেকে এসেছে। শুরুর দিকে প্রতিবছরই একবার ঘাসিটুলার মানুষ আসাম যেত। সর্বশেষ তাঁর বাবা মৃত তোতা মিয়া ঘাসিটুলার কয়েকজনকে সঙ্গে নিয়ে আসামের গুয়াহাটিতে গিয়েছিলেন। সেখানে পাহাড়ি মানুষজনের সঙ্গে বছর খানেক কাটিয়ে কাজটা ভালো করে শিখে আসেন। এরপর ঘাসিটুলার আর কাউকে আসাম যেতে হয়নি। সোহরাব উদ্দিন আরও জানান, তাঁর কাছ থেকে কাজ শিখে ১৬ জনের একটি দল বর্তমানে দুবাইয়ে আছে। তাঁরা জনপ্রতি মাসে ২০-২৫ হাজার টাকা রোজগার করছেন। মানা-রাতান ফার্নিচার ইন্ডাস্ট্রিতেও সোহরাবের প্রশিক্ষণে ১১ জন আলাদাভাবে কাজ করছেন।