বেত্রাঘাত করার প্রতিবাদে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষকের বেত্রাঘাতের প্রতিবাদে ঢাকার আশুলিয়ার পলাশবাড়ী হাজি জয়নুদ্দিন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা গতকাল বুধবার দুপুরে নবীনগর-কালিয়াকৈর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের সড়ক থেকে সরিয়ে দেয়। এ সময় পুলিশ দুজন শিক্ষককে আটক করে থানায় নিয়ে যায়।
আশুলিয়া থানা ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, মঙ্গলবার দুপুরে ওই স্কুলে গণিতের ক্লাস চলাকালে দশম শ্রেণীর ছাত্র রফিকুল ও কামাল বাইরে আড্ডা দিচ্ছিল। এই অপরাধে গণিতের শিক্ষক আবদুল ওয়াহাব তাদের বেত্রাঘাত করেন। এর প্রতিবাদ করলে তিনি ওই শ্রেণীর শিক্ষার্থী নাজমা আক্তারসহ আরও কয়েকজনকে বেত্রাঘাত করেন। এর প্রতিবাদে দুপুরে শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে নবীনগর-কালিয়াকৈর সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এ সময় ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
খবর পেয়ে আশুলিয়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের সড়ক থেকে সরিয়ে দেয়। পুলিশ ওই প্রতিষ্ঠানের অধ্যক্ষ রশিদুর রহমান ও সহকারী শিক্ষক আবদুল ওয়াহাব এবং দশম শ্রেণীর শিক্ষার্থী নাজমা, মাহিমা আক্তারসহ চার ছাত্রীকে থানায় নিয়ে যায়।
রশিদুর রহমান বলেন, শ্রেণীকক্ষে উপস্থিত না থাকায় দুই শিক্ষার্থীকে বেত্রাঘাত করা হয়। এর প্রতিবাদ করলে আরও দুই শিক্ষার্থীকে বেত্রাঘাত করা হয়। পাশাপাশি শিক্ষকের সঙ্গে অশালীন আচরণ করায় ইমরান নামের নবম শ্রেণীর এক শিক্ষার্থীকে স্কুল থেকে বহিষ্কার করা হয়। এসব কারণে শিক্ষার্থীরা গতকাল বিক্ষোভ করে।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের পক্ষ থেকে মামলা দিতে অপারগতা প্রকাশ করায় শিক্ষকদের ছেড়ে দেওয়া হয়েছে। তবে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বলে আশ্বাস দিয়েছে।
সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল হাসান মোল্লা বলেন, বিষয়টি জানার পর শিক্ষার্থী ও তাদের অভিভাবক এবং অভিযুক্ত শিক্ষকদের নিয়ে বৈঠক করা হয়। ওই বৈঠকে বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যরা সংশ্লিষ্টদের বিরুদ্ধে নিয়ম অনুযায়ী ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন। আজ বৃহস্পতিবার ব্যবস্থাপনা কমিটির জরুরি সভায় সিদ্ধান্ত নেওয়া হবে।