বেত্রাঘাতে ১৬ শিক্ষার্থী আহত
বগুড়া শহর, শেরপুর উপজেলা ও ঠাকুরগাঁও সদরে চারটি বিদ্যালয়ে শিক্ষকের পিটুনিতে ১৬ জন শিক্ষার্থী গুরুতর জখম হয়েছে। এর মধ্যে ১৩ জনই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। ঠাকুরগাঁওয়ে টাকার জন্য বিদ্যালয়ের নির্ধারিত পোশাক কিনতে না পারায় শিক্ষকের নির্যাতনের শিকার হয় এক শিক্ষার্থী। এসব ঘটনায় বগুড়া শহরে বিক্ষোভসহ দায়ী এক প্রধান শিক্ষককে গ্রামবাসী অবরুদ্ধ করেন। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:
বগুড়া: শহরের জলেশ্বরীতলা প্রি-ক্যাডেট হাইস্কুলের মেধাবী শিক্ষার্থী সম্রাট হোসেনকে বেত্রাঘাতে রক্তাক্ত জখম করেছেন বিজ্ঞান বিষয়ের ‘খণ্ডকালীন শিক্ষক’ শামিম হোসেন। শ্রেণীকক্ষে গল্পগুজবের বদলে পাঠদানের জন্য অনুরোধ করায় ওই মেধাবী শিক্ষার্থীকে গত রোববার বেত দিয়ে পিটিয়ে আহত করেন শিক্ষক শামিম। এ ঘটনার প্রতিবাদে গতকাল সোমবার দুপুর ১২টার দিকে বিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে বিক্ষোভে ফেটে পড়ে। তাদের সঙ্গে অভিভাবকেরাও যোগ দেন। বিক্ষোভকারীরা শিক্ষক শামিমের চাকরিচ্যুতির দাবিতে বিদ্যালয়ের সামনের জলেশ্বরীতলা শহীদ আবদুল জোব্বার সড়ক অবরোধ করে। পরে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও প্রধান শিক্ষক অভিযুক্ত শিক্ষককে চাকরিচ্যুত করার ঘোষণা দিলে পরিস্থিতি শান্ত হয়।
শেরপুর (বগুড়া): উপজেলার বিশ্বা দ্বিমুখী উচ্চবিদ্যালয় এবং কল্যাণী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুই শিক্ষকের বেত্রাঘাতে ১৪ জন ছাত্র গুরুতর জখম হয়েছে। বিশ্বা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক তপন সরকার গত রোববার অষ্টম শ্রেণীর ছাত্র আবদুল আলীমকে (১৪) এবং কল্যাণী বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলাল হোসেন গতকাল সোমবার পঞ্চম শ্রেণীর ১৩ ছাত্রকে পিটিয়ে আহত করেন।
কল্যাণী বিদ্যালয়ে শিশুদের পেটানোর ঘটনায় গতকাল দুপুর ১২টায় কল্যাণী গ্রামবাসী প্রধান শিক্ষককে বিদ্যালয়ে অবরুদ্ধ করেন। পরে পুলিশ এসে তাঁকে উদ্ধার করে থানায় নেয়।
এ উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হওয়া ছাত্ররা হলো বিশ্বা বিদ্যালয়ের আবদুল আলীম (১৪) এবং কল্যাণী বিদ্যালয়ের আমিনুল ইসলাম (১০), নূহু শেখ (১০) ও মনির হোসেন (১০)।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে চিকিৎসক গোলাম মোস্তফা বলেন, ভর্তি হওয়া শিক্ষার্থীদের শরীরে বেত্রাঘাতে রক্তাক্ত জখম হয়েছে। এ ছাড়া কল্যাণী বিদ্যালয়ের আরও ১০ ছাত্র প্রাথমিক চিকিৎসা নিয়েছে।
কল্যাণী গ্রামের বাসিন্দা খোরশেদ আলী বলেন, ‘এর আগে কোনো শিক্ষক এভাবে ছাত্রদের বেত্রাঘাত করেননি। আমরা ওই প্রধান শিক্ষকের অপসারণের দাবি করছি।’ বগুড়ার শেরপুর উপজেলার শিক্ষা কর্মকর্তা মাসুদ রানা বলেন, শ্রেণীকক্ষে ছাত্রদের বেত্রাঘাত করা অপরাধ। আহত ছাত্রদের অভিভাবকেরা সুনির্দিষ্টভাবে লিখিত অভিযোগ দিলে দোষী শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঠাকুরগাঁও: সদর উপজেলার নারগুন উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী মো. আরিফকে গত রোববার শরীরিক শিক্ষাবিষয়ক শিক্ষক মাহবুব আলম পিটিয়ে আহত করেন। বেত্রাঘাতে আহত ওই শিক্ষার্থী বর্তমানে ঠাকুরগাঁও সদর হাসপাতালে চিকিৎসাধীন।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষার্থী অভিযোগ করে, অ্যাসেম্বলির সময় বিদ্যালয়ের পোশাক পরে না আসায় শরীরিক শিক্ষাবিষয়ক শিক্ষক মাহবুবকে পেটাতে থাকে। পরে অন্য শিক্ষকেরা আরিফকে বাড়িতে পাঠিয়ে দিলে রাস্তায় সে অচেতন হয়ে যায়।
আরিফের মা মুন্নি বেগম বলেন, ‘আরিফ বেশ কয়েক দিন ধরে স্কুল ড্রেসের জন্য কান্নাকাটি করছিল। কিন্তু হাতে টাকা না থাকায় দিতে পারিনি। সে জন্য ছেলেটা এভাবে মার খাবে ভাবতে পারি নাই।’