শারীরিক নির্যাতন ও বেত্রাঘাতের অভিযোগে গতকাল সোমবার কুমিল্লা সিটি কলেজের শিক্ষার্থীরা কলেজের ফটকে তালা দিয়ে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে।জামায়াতের নেতাদের মালিকানাধীন কুমিল্লা সিটি কলেজের অবস্থান নগরের ২৪ নম্বর ওয়ার্ডের গন্ধমতি এলাকার একটি ভাড়াবাড়িতে।কলেজ ও স্থানীয় একাধিক সূত্র জানায়, সিটি কলেজের একাদশ শ্রেণীর দুই ছাত্রী গত রোববার বিকেলে কোচিং ক্লাসে আসতে দেরি করায় কলেজ পরিচালনা পর্ষদের সেক্রেটারি আরিফুজ্জামান তাদের বেত্রাঘাত করেন। ওই সময় কয়েকজন শিক্ষার্থী প্রতিবাদ করলে তাদের চড়-থাপড় দেওয়া হয়। এর প্রতিবাদে গতকাল সকাল নয়টার দিকে ক্ষুব্ধ শিক্ষার্থীরা ছাত্রাবাস থেকে কলেজে গিয়ে বিক্ষোভ মিছিল করে। একপর্যায়ে তারা কলেজের ফটকে তালা দেয়। এরপর শিক্ষার্থীরা কোটবাড়ী-টমছম ব্রিজ সড়ক অবরোধ করে। এতে সড়কে এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। একপর্যায়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।শিক্ষার্থীরা বলছে, আগেও কলেজ পরিচালনা পর্ষদের সদস্য ও শিক্ষকদের হাতে বহু শিক্ষার্থী মারধরের শিকার হয়েছে। তার ওপর দফায় দফায় বিভিন্ন ফির নামে টাকা আদায় করা হয়। এতে শিক্ষার্থীরা কলেজ কর্তৃপক্ষের ওপর ক্ষুব্ধ, যে কারণে গতকাল শিক্ষার্থীরা বিক্ষোভ করে।নাম প্রকাশে অনিচ্ছুক কলেজ পরিচালনা পর্ষদের দুজন সদস্য বলেন, কলেজের অধ্যক্ষ ইফতেখারুল আলমসহ একটি মহল শিক্ষার্থীদের উসকানি দিয়ে বিক্ষোভ করায়।সদর দক্ষিণ মডেল থানার উপপরিদর্শক (এসআই) ও কোটবাড়ী পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ওসমান গণি বলেন, ‘এ ঘটনায় কোনো মামলা হয়নি। কলেজ পরিচালনা পর্ষদের মধ্যে ঝামেলা থাকায় এবং শিক্ষার্থীদের মারধরের ঘটনায় ভবনে তালা দেওয়া হয়।’কলেজ পরিচালনা পর্ষদের সেক্রেটারি আরিফুজ্জামান বলেন, গত রোববার কলেজের কয়েকজন শিক্ষার্থী বিলম্ব করে ক্লাসে আসায় তাদের শাস্তি দেওয়া হয়েছে। তিনি বলেন, একটি মহল শিক্ষার্থীদের উসকানি দিয়ে রাস্তায় নামিয়েছে।কলেজের অধ্যক্ষ ইফতেখারুল আলম ভুঁইয়া বলেন, ‘আরিফুজ্জামানের বেত্রাঘাতের কারণে শিক্ষার্থীরা আন্দোলন করেছে। আমি শিক্ষার্থীদের রাস্তায় নামিয়ে দিইনি।’ তিনি বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য গতকাল সোমবার ক্লাস স্থগিত করা হয়। আজ মঙ্গলবার যথারীতি ক্লাস শুরু হবে।