বেদখল খাসজমি উদ্ধারের প্রক্রিয়া চলছে: ভূমিমন্ত্রী
ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ আজ শনিবার জাতীয় সংসদে বলেছেন, বর্তমানে দেশে খাসজমির পরিমাণ ৩৮ লাখ ৭০ হাজার ৯৪৪ দশমিক ৩৩৩৭ একর। সরকারি দলের সদস্য ওয়াসিকা আয়শা খানের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। একই সঙ্গে তিনি বলেন, বেদখল খাসজমি উদ্ধারের প্রক্রিয়া অব্যাহত রয়েছে।
মন্ত্রী জানান, খাসজমির মধ্যে কৃষি জমি ২১ লাখ ১ হাজার ৫৫৯ দশমিক ২৮৮৩ একর এবং অকৃষি জমি ১৭ লাখ ৬৯ হাজার ৩৮৫ দশমিক ০৪৫৪ একর। ওই জমির মধ্যে নিষ্কণ্টক কৃষি জমির পরিমাণ ৯ লাখ ৩৬ হাজার ৯৫৭ একর এবং নিষ্কণ্টক অকৃষি জমির পরিমাণ ১০ লাখ ৫৪ হাজার ২৮৮ দশমিক ৭৭৪৫ একর।
মন্ত্রী বলেন, জেলা প্রশাসন বেদখল খাসজমি চিহ্নিত করে তা উদ্ধারের পর সরকারের দখল নিয়ন্ত্রণে রাখছে। কৃষি খাসজমি শুধু ভূমিহীনদের প্রাপ্য বলে প্রকৃত ভূমিহীন বাছাই করে তাদের মধ্যে বন্দোবস্ত দেওয়ার কাজ চলছে।
সরকারি দলের সদস্য মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়ার এক প্রশ্নের জবাবে ভূমিমন্ত্রী বলেন, ভূমি মন্ত্রণালয় ভূমির সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে ‘জাতীয় ভূমি ব্যবহার নীতি, ২০০১’ প্রণয়ন করেছে যা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে আপলোড করা আছে। তিনি বলেন, ওই নীতিমালাটি বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় ২০০১ সালের ২১ জুনে প্রকাশিত। এ ছাড়া ভূমির যথাযথ ব্যবহার নিশ্চিত করতে ‘কৃষি জমি সুরক্ষা ও ভূমি ব্যবহার আইন’ নামে একটি আইনের খসড়া তৈরি করা হয়েছে, যা আইনে পরিণত করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। বাসস