বেদখল পদচারী সেতু, ভোগান্তিতে সাধারণ মানুষ

রাজধানীর মধ্য বাড্ডা এলাকায় বাড্ডা লিংক রোডের গুদারাঘাট পদচারী-সেতুর দুই পাশেই গড়ে উঠেছে অবৈধ দোকান। ফলে এটি লোকজন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সাধারণ মানুষ পদচারী-সেতু ব্যবহার না করে রাস্তা দিয়ে যাতায়াত করায় মাঝেমধ্যেই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা।
গতকাল সোমবার সরেজমিনে দেখা যায়, গুদারাঘাট কাঁচাবাজারের সঙ্গে পদচারী-সেতুর যে অংশ রয়েছে, সেখানে সেতুতে ওঠার মুখেই গড়ে উঠেছে একটি নিম্নমানের হোটেল। রাস্তার এ পাশেই সেতুর নিচে ও সামনে বিভিন্ন ধরনের প্রায় ৩০টি দোকান চোখে পড়ে। এ কারণে এখানকার ফুটপাতও সংকুচিত হয়ে গেছে। লোকজন ফুটপাতের বদলে রাস্তা দিয়েই চলাচল করছে।
সেতুতে ওঠার মুখ আটকে হোটেল বসানোর কারণ জানতে চাইলে হোটেল মালিক মো. মান্নান বলেন, ‘মানুষ তো ওভারব্রিজ দিয়া যায় না, সবাই-ই রাস্তা দিয়া যায়-আসে। জায়গা খালি আছে, কাজে লাগে না, তাই-ই দোকান দিছি।’
আরেক হোটেল ব্যবসায়ী মো. ওহাব, যিনি এখানে ‘জামাই’ নামে পরিচিত; তিনি বলেন, ‘এই ওভারব্রিজের কোনো কাম নাই। রাইতের বেলা এলাকার পোলাপান ওভারব্রিজের ওপরে উঠে নেশা-টেশা করে। লোকজনের চলাচল নাই। কেউ কিছু বলে না, তাই জায়গা পাইলেই যে যার মতো দোকান বসায়। আমিও দোকান বসাইছি। মানুষ খাইতে আসতাছে। লোকের বরং উপকারই হইতাছে।’ অভিন্ন অবস্থা সেতুর অপর পাশেও। সেতুতে ওঠার মুখেই আছে বেশ কয়েকটি চায়ের দোকান। মৌসুমি ফল ও কাঁচা তরকারির পসরা। পদচারী-সেতুর চারপাশজুড়ে রয়েছে ছড়ানো-ছিটানো আবর্জনা। স্থানীয় আরও কয়েকজনের সঙ্গে কথা বলে যায়, প্রায় দুই বছর হলো দোকানগুলো স্থায়ীভাবে বসেছে। অনেক আগে একবার উচ্ছেদ করা হলেও ইদানীং আর কেউ কিছু বলে না। ফলে দিন দিন বাড়ছে দোকানের সংখ্যা। এসব দোকানের কারণে লোকে পদচারী-সেতুতে ওঠার আগ্রহ পান না।