বেদখল সম্পত্তি ফেরত চান ভুক্তভোগীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

র্যাব-পুলিশের সঙ্গে গুলিবিনিময়ে নিহত ওসমান গনি ওরফে ওসমানের দখলে থাকা পুকুর ও জমিজমা নিজেদের দাবি করে তা ফেরত নিতে স্থানীয় প্রতিনিধিদের কাছে অনেকে ধরণা দিচ্ছেন। ওই ব্যক্তিরা দাবি করছেন, ওসমান জীবিত থাকতে তাঁদের এসব জায়গাজমি দখল করেন।গত শনিবার ভোররাতে র্যাব ও পুলিশের সঙ্গে গুলিবিনিময়ে ১০টি হত্যাসহ ২০ মামলার আসামি ওসমান নিহত হন। তিনি চট্টগ্রাম জেলা পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ছিলেন। শনিবার রাত পৌনে নয়টায় তাঁর লাশ রাঙ্গামাটিয়ার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। স্থানীয়রা অভিযোগ করেন, ২০০২ সাল থেকে ওসমান প্রতিবেশীদের জায়গাজমি ও পুকুর-ডোবা দখল করতে শুরু করেন। ওই সময় তাঁর দোর্দণ্ড প্রতাপ থাকায় কেউ ভয়ে তাঁর বিরুদ্ধে কথা বলতেন না। হাটহাজারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. বাবুল আকতার প্রথম আলোকে বলেন, ‘ওসমান বেঁচে থাকতে কেউ তাঁর বিরুদ্ধে কথা বলার সাহস পায়নি। গত শনিবার ভোরে তাঁর মৃত্যুর পর অনেক ভুক্তভোগী নিজেদের দুর্দশার কথা পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে বলা শুরু করেন। আমরা আইনি প্রক্রিয়া তথা সালিস-বিচারের মাধ্যমে ওসমানের দখলে থাকা জায়গাজমি ও পুকুর প্রকৃত মালিকদের ফিরে পেতে সহায়তা দেব।’ স্থানীয় রাঙ্গামাটিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য নুরুল ইসলাম বলেন, অনেকের জমি ও পুকুর ওসমানের দখলে আছে। শনিবার তাঁর মৃত্যুর পর ভুক্তভোগীরা সেসব সম্পত্তি ফেরত পেতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের কাছে ধরনা দিচ্ছেন। আমার কাছেও কয়েকজন ভুক্তভোগী এসেছেন।’স্থানীয়রা জানান, প্রতিবেশী উপেন্দ্র লালের এক কানি জমি দখল করেছিলেন ওসমান। সারদা মহাজন, ইছহাক ও সৈয়দ মিয়ার পুকুর দখল করেন তিনি। স্থানীয় বাসিন্দা আবদুল হাদী বলেন, ‘আমার দুই কানি পাহাড়ি টিলা দখল করেছিল ওসমান। ওই সম্পত্তি ফেরত নিতে আমি প্রক্রিয়া শুরু করেছি। আমি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের কাছে গিয়েছি। অন্যরাও যাচ্ছেন বলে শুনেছি।’