সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি উপস্বাস্থ্যকেন্দ্রের অধিকাংশ জায়গা বেদখল হয়ে গেছে। এই কেন্দ্রে প্রতিদিন ২০০ থেকে ৩০০ লোক চিকিৎসাসেবা নিতে এলেও বেশির ভাগ রোগী ওষুধ পাচ্ছে না বলে অভিযোগ উঠেছে।উপস্বাস্থ্যকেন্দ্র সূত্রে জানা গেছে, ১৯৩৩ সালে এক একর তিন শতক জায়গার ওপর প্রতিষ্ঠিত এই কেন্দ্রে একজন করে চিকিৎসা কর্মকর্তা, ফার্মাসিস্ট, চিকিৎসা সহকারী ও পিয়ন কর্মরত আছেন। তখন থেকেই ৩০ ফুট দীর্ঘ ও ১০ ফুট প্রস্থ একটি টিনের ঘরে এর কাজ চলত। পরবর্তী সময়ে ইটের দেয়াল করা হলেও টিনের চাল রয়েই গেছে। কেন্দ্রটির ঘর ছাড়া বাকি জায়গা স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা দখল করে অসংখ্য দোকানপাট তৈরি করেছেন। প্রতিদিন সকাল থেকে দুপুর পর্যন্ত এই স্বাস্থ্যকেন্দ্রের চারপাশে কাঁচাবাজার বসে। এ ছাড়া ২৭ শতক জায়গায় পাকা সড়ক নির্মাণ করায় এখন বন্ধ হওয়ার উপক্রম হয়েছে এর প্রবেশপথ।উপস্বাস্থ্যকেন্দ্রের সাবেক চিকিৎসা সহকারী আবু বকর ফকির বলেন, অনেকেই ভুয়া কাগজের মাধ্যমে জায়গা দখল করে নিয়েছে। ২২ ডিসেম্বর সরেজমিনে দেখা গেছে, উপস্বাস্থ্যকেন্দ্রের চারপাশে লোকজন সবজির দোকান বসিয়েছে। এসব দোকানপাটের কারণে রোগীরা স্বাস্থ্যকেন্দ্রের ভেতরে ঢুকতে পারছে না। রোগী শাহজাহান আলী বলেন, ‘শুনছি, এখানে ভালো চিকিৎসা হয়। তাই অনেক দূর থেকে এসেছি। কিন্তু ভেতরে ঢুকতেই পারছি না।’ উপস্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসা সহকারী রফিকুল ইসলাম বলেন, ইউনিয়ন পর্যায়ের স্বাস্থ্যকেন্দ্র থেকে যেসব ওষুধ সরবরাহ করার নিয়ম রয়েছে, সেগুলোই করা হয়। এ কারণে রোগীদের সব ধরনের ওষুধ দেওয়া সম্ভব হয়নি।সিরাজগঞ্জের সিভিল সার্জন নাজিমুদ্দিন খান বলেন, ‘আমি স্বাস্থ্যকেন্দ্রের জায়গা উদ্ধারের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছি। আর ওষুধের অপ্রতুলতা হওয়ার কথা নয়। তবে বিষয়টি খোঁজ নিয়ে দেখব।’