বেদখল হয়ে যাচ্ছে নবগঙ্গা নদী

নড়াইলের লোহাগড়া উপজেলা সদরের লক্ষ্মীপাশা এলাকায় দখল হয়ে যাচ্ছে নবগঙ্গা নদী। দখলের এ প্রতিযোগিতা বন্ধ এবং অবৈধ দখলদারমুক্ত করা না গেলে অচিরেই নবগঙ্গা নদীর অস্তিত্ব বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।
স্থানীয় বাসিন্দা ও এলাকার কৃষকেরা জানান, নবগঙ্গা নদীকে কেন্দ্র করেই এর পারে গড়ে ওঠে লোহাগড়া, লক্ষ্মীপাশা, দীঘলিয়া, মিঠাপুর ও নলদী বাজার। এ ছাড়া লোহাগড়া থানা, অন্যান্য প্রশাসনিক ভবনসহ নদীর তীরবর্তী এলাকায় বসতি গড়ে ওঠে। আগে এ নদীর পানি দিয়ে খেতে সেচ দেওয়া হতো। কিন্তু ভূমিদস্যুরা নদীর মাঝ বরাবর বাঁধ দেওয়ায় পানিপ্রবাহ বন্ধ হয়ে নদী একেবারে শুকিয়ে যাচ্ছে। প্রশাসনের নজরদারি না থাকায় ভূমিদস্যুরা বেপরোয়া হয়ে উঠেছে।
লোহাগড়া পৌর মেয়র নেওয়াজ আহমেদ ঠাকুর বলেন, নদীটি পৌর এলাকার মধ্যে হওয়ায় জমির দাম বেশি। তাই যে যেভাবে পারছে নদী দখল করছে। এ ক্ষেত্রে পৌর কর্তৃপক্ষের কিছু করার নেই। প্রশাসনকে পদক্ষেপ নিতে হবে।
লক্ষ্মীপাশার গোপীনাথপুর ও রাজপুর এলাকা ঘুরে দখলের ভয়াবহ চিত্র দেখা গেছে। গোপীনাথপুরে আবদুল মোতালেব মুন্সী ওরফে রাজা মুন্সী নবগঙ্গা দখল করে বসতবাড়ি গড়ে তুলেছেন। ওই বসতবাড়ির নিচে নদীর মাঝখান পর্যন্ত বেঁধে পুকুর কেটেছেন। এর পশ্চিম পাশে মাঝনদী পর্যন্ত বেঁধে ধানের চাষ করছেন। গত বছর ৩০ ডিসেম্বর জেলা প্রশাসকের কার্যালয় থেকে ১০ দিনের সময় দিয়ে তাঁর অবৈধ বসতবাড়ি সরিয়ে নিতে নোটিশ দেওয়া হয়। এ পর্যন্ত এ আদেশ বাস্তবায়ন হয়নি।
এ প্রসঙ্গে আবদুল মোতালেব মুন্সী বলেন, ‘বিভিন্নভাবে চেষ্টা করছি বসতবাড়ি রক্ষা করতে।’ নদী দখল করে পুকুর কাটা ও ধানের চাষ করা প্রসঙ্গে তিনি বলেন, ‘নদী তো শুকিয়ে যাচ্ছে, তাই আমরা ব্যক্তিগত কাজে লাগাচ্ছি।’
রাজপুরে দেখা গেছে, ইনছান শেখ নদীর মধ্যে পাকা স্থাপনা নির্মাণ শুরু করেছেন। একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি। মো. আখতারুজ্জামান নদীর প্রায় মাঝ পর্যন্ত দখল করে বসতবাড়ি গড়ে তুলেছেন। তাঁর স্ত্রী মনিরা বেগম বলেন, ‘কবির মোল্ল্লা নামে একজনের কাছ থেকে আমরা এ জমি কিনেছি। এ জমি সরকারি না বলে কবির মোল্ল্লা আমাদের জানিয়েছেন।’
এ ছাড়া নদীর মাঝখান পর্যন্ত বাঁধ দিয়ে নদী থেকে মাটি কেটে ভরাট করে চাষাবাদ করা হচ্ছে। এভাবে নদী দখল করেছেন বাবু শেখ, আকতার খান, বাবু মুন্সী, আকবর শেখ, ময়েন শেখ, বাশার শেখ, ইউছুফ মোল্ল্লা, বারিক শেখ, আবু বক্কর শেখ, কালাম লস্কর, চুন্নু শেখ, নিমাই শেখ, আকবর মোল্ল্লাসহ আরও অনেকে। বাবু শেখ বলেন, ‘সবাই দখল করছে, তাই আমিও করেছি।’
নড়াইল জেলা নদী বাঁচাও আন্দোলনের নির্বাহী কমিটির সদস্য কাজী হাফিজুর রহমান বলেন, নদী না বাঁচলে কৃষির মারাত্মক ক্ষতি হবে। একই সঙ্গে পরিবেশও বিপন্ন হবে। প্রশাসনের নাকের ডগায় এভাবে নদী দখল হওয়া দুঃখজনক।
এ প্রসঙ্গে লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেবেকা খান বলেন, এসব দখলের বিষয় দ্রুতই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে ও অবৈধ দখলমুক্ত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০১০ সালের এপ্রিল ও মে মাসে মধুমতী নদীর সংযোগস্থল উপজেলার তেলকাড়া থেকে দীঘলিয়া পর্যন্ত ৮ দশমিক ৬৮ কিলোমিটার অংশ খনন করা হয়। এ জন্য বরাদ্দ ছিল দুই কোটি ৪০ লাখ টাকা। বিশ্ব খাদ্য কর্মসূচির আর্থিক সহায়তায় নদী খনন প্রকল্পটির তত্ত্বাবধান করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। পরবর্তী সময়ে মহাজন থেকে মল্ল্লিকপুর পর্যন্ত প্রায় ১৬ কিলোমিটার নদী খননকাজ এ প্রকল্পের আওতাভুক্ত ছিল। কিন্তু তা আর হয়নি।