বেদখল হয়ে যাচ্ছে পটুয়াখালী বন্দরের ২৫ একর তীরভূমি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর লাউকাঠি ও লোহালিয়া নদীর ২৫ দশমিক ৪ একর তীরভূমি বেদখল হয়ে যাচ্ছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ বিআইডব্লিউটিএ তীর রক্ষণাবেক্ষণের দায়িত্বপ্রাপ্ত হলেও সংস্থাটি প্রশাসন থেকে তীরভূমি তারা বুঝে পায়নি। ফলে তীর দখলমুক্ত রাখার উদ্যোগ নিতে পারছে না। আবার ভূমি মন্ত্রণালয় থেকে অনুমোদন না আসায় তীরভূমি বিআইডব্লিউটিএর কাছে হস্তান্তর করতে পারছে না প্রশাসন।সংশ্লিষ্ট সূত্রগুলো থেকে জানা গেছে, পটুয়াখালী নদীবন্দর স্থাপিত হয় ১৯৭৫ সালে। সেই থেকে তিন দশকের মধ্যে নদী বন্দরের তীরভূমি নির্ধারণ হয়নি। ২০০৬ সালের সেপ্টেম্বরে জেলা প্রশাসন ও বিআইডবিউটিএর যৌথ জরিপের পর পটুয়াখালী সেতু থেকে ২ নং বাঁধঘাট পর্যন্ত ২৫ দশমিক চার একর নদীর তীরভূমির সীমানা নির্ধারণ করে বিআইডবিউটিএ-র কাছে হস্তান্তরের সিদ্ধান্ত হয়। এর পরই দেখা দেয় দীর্ঘসূত্রতা। বিআইডবিউটিএ এর কাছে হস্তান্তরের জন্য স্থানীয় প্রশাসনকে ভূমি মন্ত্রণালয় থেকে তিনটি তাগিদপত্র দেওয়া হয়েছিল। তীরভূমি হস্তান্তরের জন্য ভূমি মন্ত্রণালয়ে প্রতিবেদন পাঠানো হলেও ত্রুটির কারনে তা আবার ফেরত চলে আসে। সর্বশেষ গত বছরের ২৪ আগস্ট জেলা প্রশাসন সাতটি শর্ত দিয়ে ভূমি মন্ত্রণালয়ের সচিব বরাবরে প্রতিবেদন পাঠায়। শর্তগুলো হচ্ছে স্থাপিত কাঠামো ও নির্মান সামগ্রী যে কোন সময়ে বিনা ক্ষতিপূরনে অপসারন করতে হবে, সরকার নির্ধারিত হারে লাইসেন্স ফি প্রদান করতে হবে, সরকার কর্তৃক ধার্যকৃত কর পরিশোধ করতে হবে, ফি বাত্সরিক ভিত্তিতে নির্ধারন হবে ও প্রতি বছর নবায়ন করতে হবে, এই ফিস সরকার সব সময় পরিবর্তন করতে পারবে, প্রচলিত আইনে প্রযোয্য বা প্রদেয় কোন কর আদায়ে কালেক্টরের ক্ষমতা অক্ষুন্ন থাকবে এবং যে উদ্দেশ্যে তীরভূমি হস্তান্তর করা হবে সে উদ্দেশ্য ছাড়া অন্য কোন কাজে এ জমি ব্যবহার বা হস্তান্তর বা ভাড়া প্রদান করা যাবে না। এই প্রতিবেদন এখনও অনুমোদন হয়ে আসেনি।বন্দর সূত্র জানায়, নদীর পানির সর্বোচ্চ স্তর থেকে তীরের দিকে ৫০ গজ পর্যন্ত তীরভূমি বন্দরের আওতায় থাকার কথা। কিন্তু ইতিমধ্যে বেশকিছু এলাকায় তীরভূমি ভরাট করা হয়েছে, কোথাও ভরাট চলছে। আবার কোথাও কোথাও মাটি ফেলে ঘরবাড়ি উঠানো হয়েছে। ফলে নাব্যতা হারিয়ে নদী ক্রমশ সংকুচিত হয়ে আসছে। এতে বন্দরের কার্যক্রম ব্যাহত হচ্ছে।পটুয়াখালী নদী বন্দরের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান জানান, আইন অনুযায়ী নদী বন্দর এবং সংলগ্ন এলাকার সার্বিক দায়িত্ব বিআইডব্লিউটিএ এর থাকার কথা। সেই অনুযায়ী নদী বন্দর সীমানার তীরভূমির মালিকানা সম্পূর্ন বিআইডব্লিউটিএর। কিন্তু তীরভুমি এখনো বিআইডব্লিউটিএ বুঝে পায়নি। ফলে অবৈধ দখলদারদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। এই অবস্থায় নৌ চ্যানেল সরু হয়ে নৌযান চলাচল অনুপযুক্ত হয়ে পড়ছে। এ অবস্থা চলতে থাকলে নৌযান চলাচল পুরোপুরি বন্ধই হয়ে যাবে।জেলা প্রশাসক মো. রিয়াজ আহমেদ এ প্রসঙ্গে বলেন, স্থানীয় ভূমি অফিস চর্চা ম্যাপ তৈরি করার পর সংশ্লিষ্ট ভূমি বন্দর কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করার লক্ষ্যে ভূমি মন্ত্রণালয়ে অনুমোদনের জন্য প্রতিবেদন পাঠানো হয়েছে। আর অবৈধভাবে তীরভূমি দখল হয়ে থাকলে তা উচ্ছেদ করে বিআইডবিব্লউটিএর কাছে তা হস্তান্তর করা হবে।