বেদখলে আরও ৯ হল, আন্দোলন স্তিমিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বেদখল হওয়া হলগুলো উদ্ধারে ৩০ কর্মদিবসের মধ্যে পূর্ণাঙ্গ প্রতিবেদন দিতে ব্যর্থ হয়েছে শিক্ষা মন্ত্রণালয় গঠিত ‘হল উদ্ধার কমিটি’। এখন নতুন করে আরও ৩০ কর্মদিবস সময় চেয়ে শিক্ষা মন্ত্রণালয়ে আবেদন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গত ২৩ এপ্রিল ওই কমিটির প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল।
অবশ্য ৩০ কর্মদিবসের পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন বেদখল হওয়া ১০টি হলের মধ্যে মাত্র নজরুল ইসলাম হলটি ঢাকা জেলা প্রশাসনের মাধ্যমে উদ্ধার করতে পেরেছে। তবে ইজারা পাওয়ার ১১ দিন পরও আবদুর রহমান হলের জায়গা দখলে নিতে পারেনি।
এদিকে বিশ্ববিদ্যালয়সংলগ্ন বাংলাদেশ ব্যাংকের সদরঘাট শাখা স্থানান্তর না করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদ। সম্প্রতি গভর্নর আতিউর রহমান এক চিঠিতে জানিয়েছেন, ব্যাংকের ওই শাখা আদৌ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জমিতে নয়। বরং বিভিন্ন সময়ে বিশ্ববিদ্যালয়কে জায়গা দান করায় ক্যাম্পাসের মাঝে পড়ে গেছে ব্যাংকটি। এ ছাড়া পুরান ঢাকাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ব্যাংক ও সরকারি কোষাগারগুলোতে ব্যাংক নোট ও মুদ্রা জোগানে ব্যাংকের ওই শাখাটির গুরুত্বপূর্ণ ভূমিকা বহন করছে। তাই ব্যাংক ভবনটি হস্তান্তরের অনুরোধ বিবেচনার অবকাশ নেই।
তবে উপাচার্য মীজানুর রহমান সাংবাদিকদের কাছে দাবি করেছেন, ব্যাংকের শাখাটি স্থানান্তরে নতুন করে সরকারের উচ্চপর্যায়ের সঙ্গে আলোচনা চলছে।
বেদখল হওয়া ১০টি হল উদ্ধার, বাংলাদেশ ব্যাংকের সদরঘাট শাখা স্থানান্তর, নতুন হল নির্মাণসহ বিভিন্ন দাবিতে গত ১২ ফেব্রুয়ারি থেকে আন্দোলন শুরু করে ছাত্রলীগ। সাধারণ শিক্ষার্থীরাও এ আন্দোলনের সঙ্গে যোগ দেন।
আন্দোলনের পরিপ্রেক্ষিতে গত ৩ মার্চ ঢাকা-৬ আসনের সাংসদ কাজী ফিরোজ রশীদকে আহ্বায়ক করে আট সদস্যের একটি কমিটি গঠন করে শিক্ষা মন্ত্রণালয়। ওই কমিটিকে ৩০ কর্মদিবসের মধ্যে হলগুলো উদ্ধারের বিষয়ে বিশদ পর্যালোচনা করে পরবর্তী করণীয় সম্পর্কে সুপারিশ দিতে বলা হয়। এ ছাড়া কোষাধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়াকে আহ্বায়ক করে ক্যাম্পাস সম্প্রসারণে যথাসম্ভব কাছাকাছি স্থানে নতুন জমি কেনার জন্য ‘জমি ক্রয় কমিটি’ গঠন করতে নির্দেশ দেওয়া হয়।
শিক্ষা মন্ত্রণালয়ে গত ৬ মার্চ থেকে ২৩ এপ্রিল পর্যন্ত বেদখল হওয়া হলগুলো উদ্ধারে ছয়টি সভা করেছে হল উদ্ধার কমিটি। তবে নজরুল ইসলাম ও আবদুর রহমান হল ছাড়া বাকি আটটি হলের সব কাগজপত্র দিতে ব্যর্থ হয় বিশ্ববিদ্যালয়।
খোঁজ নিয়ে জানা যায়, দলিলপত্র সংগ্রহে নতুন করে আরও ৩০ কর্মদিবস সময় চেয়ে গত ২২ এপ্রিল শিক্ষা মন্ত্রণালয়ে আবেদন করেন হল উদ্ধার কমিটির সদস্যসচিব ও রেজিস্ট্রার মো. ওহিদুজ্জামান।
সাংসদ কাজী ফিরোজ রশীদ সাংবাদিকদের বলেন, কিছু কারণে নির্দিষ্ট সময়ে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া সম্ভব হয়নি। তবে শিগগির আরও কয়েকটি হল উদ্ধার ও কেরানীগঞ্জে নতুন হল নির্মাণের জন্য জমি কেনার কাজ চূড়ান্ত করা হবে।
আন্দোলন হঠাৎ বন্ধ: ছাত্রলীগের নেতৃত্বে হলের দাবিতে লাগাতার আন্দোলনের ২৫-৩০ দিনের মাথায় সাধারণ শিক্ষার্থীদের উপস্থিতি কমে আসে। পরে হঠাৎ করেই কোনো ঘোষণা ছাড়াই ২৭ মার্চ থেকে আন্দোলন স্থগিত রাখে বেদখল হওয়া হল উদ্ধার সংগ্রাম পরিষদ।
সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের সমন্বয়হীনতার কারণে প্রায় দেড় মাসের মাথায় আন্দোলন স্তিমিত হয়ে পড়েছে।
ছাত্র ইউনিয়নের সভাপতি জাহিদুল ইসলাম বলেন, ছাত্রলীগ নিজেদের মতো কর্মসূচি দেওয়ায় আন্দোলন থেকে সরে দাঁড়িয়েছেন সাধারণ ছাত্ররা।
অভিযোগ অস্বীকার করে সংগ্রাম পরিষদের আহ্বায়ক ও ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের পড়াশোনার স্বার্থে সাময়িক সময়ের জন্য আন্দোলন স্থগিত রাখা হয়েছে। এ ছাড়া প্রশাসন নতুন করে সময় নিয়েছে। এর মধ্যে শতভাগ দাবি পূরণ না হলে আবারও বড় আন্দোলনে যাবে সংগ্রাম পরিষদ।